থানায় ঢুকে পুলিশের পোশাক ছিঁড়লেন আ.লীগ নেতা

থানায় ঢুকে পুলিশের এক কর্মকর্তার ওপর চড়াও হয়ে তাঁর পোশাক ছিঁড়ে ফেলেছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। গাঁজা সেবনের দায়ে আটক তিন আসামিকে ছাড়িয়ে নিতে থানায় যান ওই নেতা। কিন্তু তাঁর তদবির না শোনায় ক্ষেপে গিয়ে এ কাণ্ড ঘটিয়ে বসেন আওয়ামী লীগের ওই নেতা। পুলিশের অন্য সদস্যরা তাঁকে আটক করেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থানায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ওই নেতার নাম রোকনুজ্জামান পল্লব। তিনি গৌরীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর লাঞ্ছনার শিকার পুলিশ কর্মকর্তা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমদ বলেন, গৌরীপুর থানার এএসআই হাসানুজ্জামানের নেতৃত্ব পুলিশের কয়েকজন সদস্য গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন গাভীশিমুল গ্রামে টহল দিচ্ছিলেন। ওই সময় গাভীশিমুল গ্রামের তিনজন বাসিন্দা সড়কের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সকালে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতির সময় রোকনুজ্জামান থানায় আসেন। তাঁদের ছেড়ে দিতে বলেন। কিন্তু এএসআই হাসানুজ্জামান তদবির না শুনে আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা করলে রোকনুজ্জামান হাসানুজ্জামানের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে হাসানুজ্জামান আহত হন এবং তাঁর গায়ে থাকা পুলিশের পোশাক ছিঁড়ে যায়। পরে পুলিশের অন্য সদস্যরা হাসানুজ্জামানকে উদ্ধার করে রোকনুজ্জামানকে আটক করেন।
স্থানীয় তিন-চারজন ব্যক্তির ভাষ্য, ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে রোকনুজ্জামান প্রায়ই থানা থেকে বিভিন্ন অপরাধে আটক হওয়া আসামিদের ছাড়িয়ে আনার তদবির করেন।
ওসি দেলোয়ার আহমদ বলেন, মারধরের অভিযোগে এসএসআই হাসানুজ্জামান বাদী হয়ে রোকনুজ্জামানের নামে মামলা করেছেন। রোকনুজ্জামানকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে।