থানায় লাঞ্ছনার শিকার '৩৬০ ডিগ্রি' দল
চট্টগ্রামের আনোয়ারা থানায় খবর সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিদেনভিত্তিক অনুষ্ঠান (প্রোগ্রাম) ‘৩৬০ ডিগ্রি’ দলের সদস্যরা নাজেহাল ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে যমুনা টেলিভিশনের গাড়ির কাচ ভেঙে যায়।
৩৬০ ডিগ্রি প্রোগ্রামের প্রতিবেদক অপূর্ব আলাউদ্দিন অভিযোগ করেন, আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আব্বাসের নেতৃত্বে পুলিশ ক্যামেরা পারসন কাজী ইছমাইল হোসেন, রুবেল, চ্যানেল নাইনের ক্যামেরা পারসন বিপ্লব মজুমদার ও তাঁর সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করেন। পরে তাঁদের ওপর হামলা চালান।
অপূর্ব আলাউদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় আনোয়ারা থানায় পৌঁছানোর পর ওসিকে না পেয়ে তাঁকে ফোন দেন। মুঠোফোনে ওসি তাঁকে জানান, তিনি বাইরে রয়েছেন। কখন আসবেন তা জানতে চাইলে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপর তিনি থানার এসআই ফরহাদ আব্বাসের সঙ্গে দেখা করেন। কথা বলার সময় কেন ভিডিও করা হচ্ছে এ নিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং ধাক্কাধাক্কি শুরু করেন। পরে তাঁরা থানা থেকে বেরোনোর সময় গাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে কাচ ভেঙে যায়। এতে চ্যানেল নাইনের ক্যামেরা পারসন বিপ্লব মজুমদার আহত হয়েছেন।
জানতে চাইলে আনোয়ারা থানার এসআই ফরহাদ আব্বাস বলেন, ‘আমরা সাংবাদিকদের ওপর হামলা করিনি। তবে থানার ওসিকে গালাগাল করায় উপস্থিত জনগণই ইটপাটকেল ছোড়ে।’
তবে অভিযোগের বিষয়ে কোনো কথা বলেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।
জানতে চাইলে পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শামীম হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হবে।