থানায় হামলার ছক ছিল তাঁদের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার আশফাকুর রহমান (ডানে) ও রাকিবুল হাসান। নগর গোয়েন্দা কার্যালয়, ১ জানুয়ারি, ২০১৮। ছবি: সৌরভ দাশ।
গ্রেপ্তার আশফাকুর রহমান (ডানে) ও রাকিবুল হাসান। নগর গোয়েন্দা কার্যালয়, ১ জানুয়ারি, ২০১৮। ছবি: সৌরভ দাশ।

চট্টগ্রামে গ্রেপ্তার নব্য জেএমবির দুই সদস্যের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানিয়েছে, তাঁরা দুই মাস আগে চট্টগ্রামে আসেন। থানা ভবনে হামলার জন্য কাগজে ছক আঁকেন। তাঁদের কাছ থেকে দুটি ছক উদ্ধার করা হয়েছে। পুলিশের মনোবল ভাঙতে সংগঠনটি থানাকে বেছে নিয়েছে।

রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলেন সংগঠনটির ডেপুটি কমান্ডার আশফাকুর রহমান ওরফে আবু মাহির আল বাঙালি ওরফে রাসেল (২২) ও সদস্য রাকিবুল হাসান ওরফে সালাহ উদ্দিন আইয়ুবী ওরফে জনি (১৯)।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

আজ দুপুরে নগর পুলিশ কমিশনার কার্যালয়ের সংবাদ সম্মেলন করেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, গতকাল সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সদরঘাট এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় ১০টি গ্রেনেড এবং দুটি সুইসাইডাল ভেস্ট (আত্মঘাতী বন্ধনী) উদ্ধার করা হয়। এ ঘটনায় সদরঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে নগর ডিবি পুলিশের পরিদর্শক রাজেস বড়ুয়া বাদী হয়ে মামলা করেছেন।

কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের প্রধান ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নব্য জেএমবির দুজন স্বীকার করেছেন, পুলিশের মনোবল ভাঙতে হামলার জন্য তাঁরা থানাকে বেছে নিয়েছেন। মেজবাহর নির্দেশে তাঁরা দুই মাস আগে চট্টগ্রামে আসেন। থানা ভবনের হামলার জন্য কাগজে ছক আঁকেন। তাঁদের কাছ থেকে দুটি ছক উদ্ধার করা হয়েছে। পরিকল্পনা সফল করতে তাঁরা ওই এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেন।

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির আরও বলেন, গ্রেপ্তার নব্য জেমবির দুজন জামালপুর ও শেরপুরে প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করেছেন। আশফাক নবম শ্রেণি এবং রাকিবুল মাদ্রাসায় সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। মেজবাহের মাধ্যমে তাঁরা জেএমবিতে যোগ দেয়। অ্যাপসের মাধ্যমে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতেন। পরিবারের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজেস বড়ুয়া বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি কর্মকর্তা ও পুলিশদের ওপর হামলার লক্ষ্য নিয়ে নব্য জেএমবির সদস্যরা আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে গ্রেপ্তার দুজন জানিয়েছেন। জড়িত আরও অনেকের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গ্রেপ্তার নব্য জেএমবির দুজনকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত সাত দিন মঞ্জুর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করতে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।