থাপ্পড়ে পুলিশের কানের পর্দা ফাটানো ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুলিশ সদস্যকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মামলার আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। শরীয়তপুর জেলা পুলিশ শুক্রবার তাঁকে শরীয়তপুর নিয়ে আসে।
শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন বলেন, জেলা পুলিশের তথ্য অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে। তিনি মালয়েশিয়ায় পালিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেন সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সাহার কক্ষে যান। একটি চিকিৎসা সনদ প্রদান নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় সেখানে চিকিৎসা নিতে আসা পুলিশের নায়েক সেলিম মাতুব্বর প্রতিবাদ করেন। তখন আক্তার তাঁকে মারধর করেন। তাঁর থাপ্পড়ে পুলিশ সদস্যের কানের পর্দা ফেটে যায়।
এ ঘটনায় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মামলা করেন। মামলায় আক্তারের মামা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও পালং তুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরণ শেখকে আসামি করা হয়। তাঁরা গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: