রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় শহররক্ষা বাঁধের ওপর দিয়ে বালুর ট্রাক ওঠা–নামা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এতে হুমকির মুখে পড়েছে বাঁধটি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, শহররক্ষা বাঁধের ওপর দিয়ে মানুষের পায়ে হেঁটে চলার জন্য ১০ দশমিক ৫০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। যানবাহন উঠলে বাঁধটির ক্ষতি হওয়ার আশঙ্কায় স্থানে স্থানে রঙিন ব্যারিকেড নির্মাণ করা হয়। এ ছাড়া পদ্মার প্রবাহ থেকে শহর রক্ষার জন্য এতে চারটি গ্রোয়েন ও চারটি স্পার নির্মাণ করা হয়। কিন্তু বাঁধের ওপর দিয়েই রাতভর বালু তোলার কাজ চলছে। গত রোববার সরেজমিনে দেখা যায়, ডিআইজি প্রিজনের বাসার ঠিক বিপরীতে ঘাট থেকে বালু তোলা হচ্ছে। বাঁধের নিচে সেখানে একসঙ্গে ১০টি ট্রাকবোঝাই করা হচ্ছে। শ্রমিক ছাড়া আর কোনো লোক ছিল না। কার নির্দেশে বালু তোলা হচ্ছে তা তাঁরা বলতে রাজি হননি। বাঁধের নিচেই রাস্তার ওপর আড়াআড়ি একটি বাঁশ ফেলে গাড়ি থামিয়ে তাঁদের টোকেন দেখা হচ্ছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল আটটা পর্যন্ত বিরতিহীনভাবে বালু তোলা হচ্ছে।
গত বছর জুলাই মাসে এ বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশের পর ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধে সিমেন্টের তৈরি ১০টি পিলার পুঁতে দেওয়া হয়। এরপর থেকে বালু তোলা বন্ধ ছিল। গত ডিসেম্বর মাসে সাতটি পিলার ভেঙে আবার বালু তোলা শুরু হয়।
এ ব্যাপারে গত ২৮ ডিসেম্বর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আনারুল ইসলাম নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
৩০ ডিসেম্বর প্রথম আলোতে এ নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১৩ জানুয়ারি পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, এর আগেও তাঁরা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নগরের রাজপাড়া থানায় একাধিকবার অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত হলেও কাউকে আটক করা হয়েছে বলে তাঁর জানা নেই।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, এদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হবে।