থেঁতলে দেওয়া হলো হাতের আঙুল
মৌলভীবাজারের কমলগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক সাইকেল মেরামতকারীকে বাসা থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে হাতের আঙুল থেঁতলে দেওয়া হয়েছে। মুঠোফোন চুরির অভিযোগে আবদুল মুহিত নামের এক কাঠমিস্ত্রি ও তাঁর সহযোগীরা সুজিত বণিক নামের ওই প্রতিবন্ধীকে এভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ঈদগাহটিলা গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজিতের স্ত্রী কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় করা অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটায় শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের বাসিন্দা সুজিতকে ঘর থেকে ধরে নেন মুহিত ও তাঁর সহযোগীরা। মুহিতের মুঠোফোন চুরির অভিযোগে সুজিতকে ধরে ঈদগাহটিলা গ্রামে ওই কাঠমিস্ত্রির বাড়িতে নেওয়া হয়। সেখানে তাঁকে আটকে মুহিত, আমির ও নওশাদসহ ছয়জন মিলে লাঠি ও রড দিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে তাঁর দুই হাতের আঙুল থেঁতলে দেন তাঁরা। রাত নয়টার পর এলাকাবাসী শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সদস্যদের সহায়তায় সুজিতকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমদ হোসেন আকবর বলেন, সুজিতকে বর্বরোচিতভাবে নির্যাতন করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সুজিতের বড় বোন মীরা বণিক বলেন, ‘পায়ে সমস্যা থাকায় বহু কষ্টে আমার ভাই চলাফেরা করেন। মুহিত আর তাঁর লোকজন রাইতে আমার ভাইটারে ধইরা নিয়া মাইরা হাতের আঙুল থেঁতলায় দিছে। আমার ভাই আর কাজকাম কইরা খাইতে পারব কি না বুঝতাছি না।’
নির্যাতনের কথা স্বীকার করে মুহিত বলেন, ‘বাজারে সুজিত ও আমার দোকান পাশাপাশি। সুজিত মুঠোফোন চুরি করায় বাজারের কিছু লোক তাঁকে ধরে আমার বাড়িতে নিয়ে আসে।’
তবে গতকাল বৃহস্পতিবার ঈদগাহটিলা গ্রামে গেলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী সুজিতের ওপর বর্বর নির্যাতনের বর্ণনা দেন। তাঁরা বলেন, মানুষটাকে ধরে ঘরে আটকে নির্যাতনের সময়ই প্রতিবাদ করলে নির্যাতনকারী মুহিতসহ লোকজন উল্টো তাঁদের ধমকান।
থানার ওসি এনামুল হক বলেন, নির্যাতনের ঘটনায় সাইকেল মেরামতকারীর স্ত্রী পম্পা দে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।