থেমে গেছে ভৈরব নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হিসাব অনুযায়ী অভয়নগর উপজেলায় ভৈরব নদের তীরে অবৈধ স্থাপনা রয়েছে ৮৬টি। এর মধ্যে ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে প্রায় দুই মাস আগে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিআইডব্লিউটিএর সহযোগিতায় ওই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে অবশিষ্ট ২৭টি স্থাপনা উচ্ছেদ করার কথা ছিল। কিন্তু উচ্ছেদ কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, অভয়নগর উপজেলার ভাটপাড়া থেকে মহাকাল শ্মশানঘাট পর্যন্ত ভৈরব নদের উভয় পাড়ে ছয় কিলোমিটার করে ১২ কিলোমিটারজুড়ে ৮৬টি অবৈধ স্থাপনা রয়েছে। চার ধাপে ওই স্থাপনা উচ্ছেদ করার কথা। এর মধ্যে গত ২৫ অক্টোবর প্রথম ধাপে নওয়াপাড়া মাছবাজার থেকে ফেরিঘাট পর্যন্ত ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরদিন ২৬ অক্টোবর একই এলাকা থেকে আরও ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুই দিনের অভিযানে নদের তীর থেকে মোট ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
যশোর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। সূত্র জানায়, দুই দিনে উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ছিল কাঁচা ও টিনের স্থাপনা ১২টি, আধপাকা স্থাপনা ৩৫টি এবং পাকা স্থাপনা ১২টি। এরপর থেকে আর কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি।
মো. আনিসুর রহমান বলেন, ‘চার ধাপে ভৈরব তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা ছিল। সেই অনুসারে আমরা দুই ধাপে ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবশিষ্ট অবৈধ স্থাপনা আরও দুই ধাপে উচ্ছেদ করার কথা। কিন্তু এরপর থেকে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এ ব্যাপারে আর কোনো যোগাযোগ করা হয়নি। বিআইডব্লিউটিএ দিনক্ষণ নির্ধারণ করার পর অবশিষ্ট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’
নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, সিএস ম্যাপ অনুযায়ী উপজেলার ভাটপাড়া থেকে মহাকাল শ্মশানঘাট পর্যন্ত নদের দুই পাড়ের তীরভূমিতে ৮৬টি অবৈধ স্থাপনা রয়েছে। দুই ধাপে ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ছুটি থাকায় এবং ম্যাজিস্ট্রেট না পাওয়ায় মাঝে প্রায় দুই মাস উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। অবশিষ্ট অবৈধ স্থাপনা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হবে।