কক্সবাজারে এক দিনেই এক লাখ ইয়াবা উদ্ধার, নয় মাসে সারা দেশে সাড়ে ১৫ লাখ
থেমে নেই ইয়াবা চোরাচালান
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ মৌলভীপাড়াসংলগ্ন নাফ নদী থেকে প্রায় তিন কোটি টাকা দামের এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে। আগের দিন শনিবার রাতে একই স্থান থেকে উদ্ধার হয় আরও ৪০ হাজার। তবে জড়িত কাউকে ধরতে পারেনি বিজিবি।
অভিযানে অংশ নেওয়া টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, ৪০ হাজার ইয়াবার সঙ্গে আট চোরাচালানিও ছিল। কিন্তু প্রবল বর্ষণের কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় লোকজনের অভিযোগ, ইয়াবা ধরা পড়লেও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের কখনো গ্রেপ্তার করা যায় না। আবার যাদের গ্রেপ্তার করা হয়, তারা সবাই ইয়াবার বাহক মাত্র। এ কারণে মূল হোতারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। গডফাদাররা আড়ালে থাকায় ইয়াবা ব্যবসা আর বন্ধ হয় না।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত নয় মাসে দেশের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবি ১৫ লাখ ৪৯ হাজার ইয়াবা বড়ি আটক করেছে। চলতি অক্টোবর মাসের ১২ দিনে কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকার দুই লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেন বিজিবির সদস্যরা। গত মাসে জব্দ করা হয় ১৫ কোটি টাকার প্রায় পাঁচ লাখ ইয়াবা। এ সময় ১২ জনকে আটক করা হয়।
এদিকে কক্সবাজার জেলা পুলিশ, বিজিবি ও পুলিশের বিশেষ শাখার একাধিক গোপন প্রতিবেদনে ইয়াবা ব্যবসার জন্য টেকনাফের (কক্সবাজার-৪) আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান ওরফে বদিকে অভিযুক্ত করা হয়েছে। সাংসদের পাঁচ ভাই ও তাঁর স্বজনেরা ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রক। তাঁদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে ইয়াবা। ইয়াবা পাচারের জন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১৫টি স্থানে ৩৭টি কারখানা গড়ে তোলা হয়েছে।
কক্সবাজার বিজিবির অধিনায়ক প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে কয়েক দিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। এই সুযোগে পাচারকারীরা ইয়াবা চোরাচালান বাড়িয়ে দিয়েছে। কিন্তু উত্তাল সাগরে নেমে ইয়াবাবিরোধী অভিযান চালানো সম্ভব হয়নি। তিনি জানান, ২০১৩ সালের ১ নভেম্বর থেকে চলতি সালের ১ অক্টোবর পর্যন্ত ১১ মাসে বিজিবির সদস্যরা ২০ লাখ ৫০ হাজার ইয়াবাসহ ১৪১ জন পাচারকারীকে আটক করেন।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, মৌলভীপাড়া, নাজিরপাড়া, জালিয়াপাড়া, নাইট্যংপাড়া, জলিলেরদিয়া, লেদা, আলীখালী, নীলাসহ অন্তত ১১টি পয়েন্ট দিয়ে ইয়াবা চালান ঢুকছে।
১০ ও ১১ অক্টোবর কক্সবাজার-টেকনাফ সড়ক পরিদর্শন করে দেখা গেছে, বিজিবির সদস্যরা সড়কের দমদমিয়া ও মরিচ্যা চেকপোস্টে ডগ স্কোয়াড (প্রশিক্ষিত কুকুর) নিয়ে যানবাহনে ইয়াবাবিরোধী তল্লাশি চালাচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, এত দিন মিয়ানমার থেকে চোরাইপথে টেকনাফে আনা ইয়াবা শরীরের বিভিন্ন স্থানে, যানবাহন ও ফলমূলের ভেতর লুকিয়ে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় পাচার করা হতো।
বিজিবির আরেকজন কর্মকর্তা বলেন, মিয়ানমারে স্থাপিত ৩৭টি কারখানায় উৎপাদিত বেশির ভাগ ইয়াবা টেকনাফ-উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে। গত মার্চে বিজিবি, র্যাব, পুলিশ টেকনাফে ইয়াবাবিরোধী যৌথ অভিযান চালিয়ে কয়েক লাখ ইয়াবা উদ্ধার করে। এ সময় একাধিক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিনজন (জাহেদ হোসেন জাকু, ফরিদ আলম ও নূর মোহাম্মদ) ইয়াবা ব্যবসায়ীসহ ছয় ব্যক্তি নিহত হন। গুলিতে হাত-পা হারিয়ে পঙ্গু হন অন্তত ২০ জন। ক্রসফায়ার আতঙ্কে অনেকে আত্মগোপন করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গত নয় মাসে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক লাখ ৬৮ হাজার ইয়াবাসহ ১৪৫ পাচারকারীকে আটক করা হলেও ইয়াবা পাচার ঠেকানো যাচ্ছে না।
কক্সবাজারের জেলা পুলিশের কর্মকর্তারা এ প্রতিবেদকের কাছে স্বীকার করেন, প্রভাবশালীদের চাপে তাঁরা ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। এমনকি শীর্ষ ১০ ইয়াবা ব্যবসায়ীর তালিকা করেও তাঁরা এদের বিরুদ্ধে অভিযান চালাতে পারেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে বদির পাঁচ ভাই আবদুল আমিন, মোহাম্মদ ফয়সাল, শফিকুল ইসলাম, মৌলভি মুজিবুর রহমান ও আবদুস শুক্কুরের নাম রয়েছে। আরও কয়েকজনের নাম রয়েছে, যাঁরা রাজনৈতিকভাবে সাংসদের ঘনিষ্ঠ। এ ছাড়া তালিকাভুক্ত ইয়াবা ডিলার জাহিদ হোসেন সাংসদ বদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। জাহিদের ছেলে রাফচানের নামও তালিকায় আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় আরও রয়েছেন পৌর কাউন্সিলর ও টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক ও যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন এবং উপজেলা চেয়ারম্যান শফিক মিয়ার জামাতা নূর হোসেন, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ, তাঁর দুই ছেলে দিদারুল আলম ও মোস্তাক আহমদ, নীলার মৌলভীপাড়ার আবদুর রহমান, লেদার দুই ভাই নুরুল হুদা ও নূর মোহাম্মদ, নাজিরপাড়ার ছৈয়দ হোসেন, সিকদারপাড়ার শামসুল আলম ওরফে বার্ম্যাইয়া শামসু ও হাবিরপাড়ার সিদ্দিক মিয়া। তারা সবাই সাংসদ বদির ঘনিষ্ঠ ও আশীর্বাদপুষ্ট বলেই পরিচিত। তবে সাংসদ বদি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।