থেমে নেই জঙ্গি সদস্য সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর ও টাঙ্গাইলে এক দিনে তিন জঙ্গি আস্তানায় র‍্যাব ও পুলিশের অভিযানে নিহত ১১ জনের মধ্যে গতকাল আরও তিনজনের পরিচয় পাওয়া গেছে। এ নিয়ে পাঁচজনের পরিচয় জানা গেল, যাঁদের মধ্যে দুজন গত আগস্টে বাড়ি ছেড়ে যান। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

আগস্টে বাড়ি ছেড়ে এখনো নিখোঁজ ঢাকার মিরপুরের দুই তরুণ। পরিবার ও পুলিশের সন্দেহ, ইংরেজি মাধ্যমে পড়ুয়া এই দুজনও জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাড়ি ছেড়েছেন। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এটি স্পষ্ট যে গুলশান হামলার পরও জঙ্গি দলের সদস্য সংগ্রহ প্রক্রিয়া থেমে নেই।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ গতকাল মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গাজীপুরের পাতারটেকের অভিযানে নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেন। তাঁরা হলেন সুনামগঞ্জের ছাতকের সাইফুল ইসলাম ওরফে বাবুল, পুরান ঢাকার মোগলটুলীর মো. ইব্রাহিম ও সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম ওরফে আকাশ। অবশ্য তাঁদের মধ্যে ইব্রাহিম ও আকাশের পরিচয় এর আগেই গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। বাকি চারজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

একই দিন গাজীপুরের হাঁড়িনাল ও টাঙ্গাইলের কাগমারায় র‍্যাবের দুই অভিযানে নিহত হন চারজন। তাঁদের মধ্যে গতকাল দুজনের পরিচয় জানিয়েছে র‍্যাব। তাঁরা হলেন নওগাঁর আহসান হাবিব (টাঙ্গাইলে নিহত) ও জয়পুরহাটের আমিনুল এহসান (গাজীপুরে নিহত)।

পুলিশ বলছে, তিন অভিযানে নিহত ১১ জনের সবার বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে।

>জঙ্গি আস্তানায় নিহত আরও তিনজনের পরিচয় মিলেছে

গতকাল সংবাদ সম্মেলনে গাজীপুরের এসপি বলেন, পাতারটেকে নিহত জঙ্গিদের প্রকাশিত ছবি দেখে তিনজনের স্বজনেরা এসে পরিচয় শনাক্ত করেন।

গাজীপুরের এসপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত ইব্রাহিমের বাবা আজিমউদ্দীন। তিনি ছেলের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। আজিমউদ্দীন বলেন, গত ৮ আগস্ট থেকে নিখোঁজ ছিল ইব্রাহিম। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জঙ্গি চক্রে জড়িয়েছে সে। তিনি বলেন, ‘যারা আমার কোমলমতি ছেলেকে জঙ্গি বানিয়েছে, তাদের আমি শাস্তি চাই।’

পাতারটেকে নিহত সাইফুর রহমানের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরগাতি গ্রামে। দুই বছর আগে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। গতকাল তাঁর বাবা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গত আগস্ট মাসে সাইফুর বাড়ি ছাড়ে। এরপর থেকে নিখোঁজ ছিল। গতকাল লাশের ছবি দেখে ছেলেকে শনাক্ত করেন তিনি।

এ ছাড়া গত আগস্ট মাসে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হন ‘ও লেভেল’ পড়ুয়া দুই খালাতো ভাই আহমেদ রাফিদ হাসান ও আয়াদ হাসান। তাঁদের খুঁজছে পুলিশ।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, গুলশান হামলার পরেও জঙ্গিগোষ্ঠীর নিয়োগ যে থেমে নেই, তা দৃশ্যত স্পষ্ট। তিনি বলেন, গুলশান হামলার বিষয়টিকে জঙ্গিরা নিজেদের মতাদর্শের পক্ষে ভালোভাবে প্রচার করেছে। এর বিপরীতে সরকারের কার্যকর পাল্টা প্রচার দৃশ্যমান হয়নি। কিছু আলেমকে নিয়ে সরকার যে জঙ্গিবিরোধী প্রচার চালাচ্ছে, তা কতখানি কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ধর্মীয় যেসব বিদ্বান বা বুজুর্গ ব্যক্তিকে সবাই নির্দলীয় মনে করেন, তাঁদের এ প্রচারে যুক্ত করতে পারলে ভালো হতো।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ পথে যারা আসে তারা নিজেদের পরিণতিটা জেনেই আসে, তারা এখানে মরতেই আসে। তাদের মেরে-ধরে থামানোর চিন্তাটা ঠিক নয়। তার চেয়ে তাদের নেতাদের গ্রেপ্তার করে আদালতে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারলে ভালো উদাহরণ তৈরি হতো।’

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর সুনামগঞ্জ, গাজীপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি}