দ. আফ্রিকায় বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর ফারুকের মৃত্যুর সংবাদ শুনে নোয়াখালীর সেনবাগে তাঁর বাড়িতে স্বজনদের আহাজারি। ইনসেটে ওমর ফারুক। ছবি: ফোকাস বাংলা
ওমর ফারুকের মৃত্যুর সংবাদ শুনে নোয়াখালীর সেনবাগে তাঁর বাড়িতে স্বজনদের আহাজারি। ইনসেটে ওমর ফারুক। ছবি: ফোকাস বাংলা

দক্ষিণ আফ্রিকার মাছেমা এলাকায় ওমর ফারুক ওরফে স্বপন (৪৭) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক নোয়াখালীর সেনবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাদরা এলাকার ছানু মিয়ার ছেলে।

নিহত ওমর ফারুকের ছোট ভাই মো. আরেফিনের ভাষ্য, দক্ষিণ আফ্রিকার মাছেমা এলাকায় তাঁর ভাইয়ের দোকান ছিল। বুধবার রাত নয়টার দিকে সাত-আটজন সন্ত্রাসী ওই দোকানে গিয়ে তাঁর ভাইকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তাঁর ভাই ঘটনাস্থলে মারা যান। এরপর সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। পরে একই এলাকায় বসবাসকারী অন্য বাংলাদেশিরা বাংলাদেশ সময় রাত দুইটার দিকে বাড়িতে ফোন করে ঘটনাটি তাঁদের জানান।

আজ বৃহস্পতিবার সকালে ওমর ফারুকের সেনবাগের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর পরিবারে শোকের মাতম চলছে। মা নূর নাহার বেগম বারবার বলছেন, তাঁর ছেলে তো ওই দেশে কারও কোনো ক্ষতি করেনি। জীবিকার সন্ধানে সেখানে গিয়েছিল। সন্ত্রাসীরা কেন এভাবে তাঁকে মারল? তিনি বারবার ছেলেকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে কাঁদছিলেন।

এদিকে স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে আজ সকালে ফেনী শহরে বসবাসকারী স্ত্রী ফাতেমা আক্তার মেয়ে সানজিদা আক্তার ও ছেলে সালমান ওমরকে নিয়ে গ্রামের বাড়িতে যান।

আরেফিন বলেন, আট ভাই-বোনের মধ্যে ওমর ফারুক ভাইদের মধ্যে সবার বড় ছিলেন। ২০১২ সালে তাঁর তিনি জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।