দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশি যুবককে হত্যা
দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে দাবি করা চাঁদা না পেয়ে আলমগীর হোসেন (২৮) নামে আরও এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। গত শনিবার দিবাগত রাত একটার দিকে (বাংলাদেশ সময়) এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের কাবিলা বাড়ির সামছুল হকের ছেলে। তাঁর মা মীরওয়ারিশপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য তাজনাহার আক্তার ওরফে লাকি। দুই ভাই, দুই বোনের মধ্যে আলমগীর সবার বড়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ধারদেনা করে ১০ লাখ টাকা খরচ করে আলমগীর দক্ষিণ আফ্রিকায় যান। এরপর ওই দেশের রাজধানী জোহানেসবার্গে একটি স্টেশনারি দোকানে চাকরি নেন। দুই সপ্তাহ আগে আলমগীর ফোন করে মাকে নিজে ব্যবসা করবে বলে জানান এবং ব্যবসার জন্য মায়ের কাছে দুই লাখ টাকা পাঠানোর অনুরোধ করেন। ছেলের আবদার অনুযায়ী মা ঋণ করে কয়েক দিনের মধ্যেই আরও দুই লাখ টাকা পাঠান।
সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে রাজধানী জোহানেসবার্গের একটি খাবারের দোকানে ভাত খেতে যান আলমগীর। এ সময় স্থানীয় একদল সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে আলমগীরের কথা-কাটাকাটি হয়। যার জের ধরে শনিবার রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়) বাসায় গিয়ে আলমগীরের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। একপর্যায়ে সন্ত্রাসীরা আলমগীরকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে চলে যায়। ঘটনার পর সেখানে বসবাসরত অন্য বাংলাদেশিরা দেশে ফোন করে ঘটনাটি জানান।
এর আগে ৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কাঠ নর্থেমকাপ শহরে দাবি করা চাঁদা না পেয়ে মো. মামুন (৪০) নামে এক বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছিল সন্ত্রাসীরা। নিহত মামুন নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামের আবদুল মজিদের ছেলে।