দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গলা কেটে হত্যা
দক্ষিণ আফ্রিকার কাঠ নর্থেমকাপ শহরে দাবি করা চাঁদা না পেয়ে মো. মামুন (৪০) নামের এক বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মামুন নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামের আবদুল মজিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
আবদুল মজিদ জানান, তাঁর ছেলে ২০০২ সাল থেকে দক্ষিণ আফ্রিকার কাঠ নর্থেমকাপ শহরে বসবাস করে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। কয়েক দিন আগে ওই শহরের একদল সন্ত্রাসী মামুনের কাছে চাঁদা দাবি করে।
আবদুল মজিদ আরও জানান, সন্ত্রাসীদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় তারা দোকানে ঢুকে গলা কেটে মামুনকে হত্যা করে লাশ ফেলে চলে যায়। এর পরই সেখানে বসবাসরত মামুনের বন্ধু মঞ্জুর বাড়িতে ফোন করে ঘটনাটি জানান।
মামুনের বাবা তাঁর ছেলের লাশ দেশে এনে দাফন করতে সরকারের সহায়তা কামনা করেন।