দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ দোকানের সামনে সন্ত্রাসীদের গুলিতে সোহেল রানা কাজী (৪০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের জলিল কাজীর ছেলে। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
সোহেলের দোকানের কর্মী সবুজ জানান, সোহেল ভাই নতুন একটি দোকান কিনেছিলেন। দোকানের সামনে আসার পর গাড়ি থেকে নামতে গেলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁর মাথায় ও পেটে গুলি লাগে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় দোকানের আরেক কর্মী আতিকুর রহমানের গায়েও গুলি লাগে। তাঁকে কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোহেল রানা তাঁর আগের দোকানের পাশে সোমালীয়দের কাছ থেকে একটি দোকান কিনেছিলেন। আর এই দোকান নেওয়াকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করছে নিহত সোহেলের পরিবার।