দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গত বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম আজিজুল ব্যাপারী (৩৬)। তিনি রাজৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়ার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দেশে এ খবর পৌঁছালে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আজিজুলের বাবা আবুল হোসেন ব্যাপারী বলেন, ‘আমার বাজানের লগে কারও শত্রুতা নাই। কেন ওরা মারল? আমার বাজানের হত্যাকারীর বিচার চাই।’
নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, চার বছর আগে জমিজমা বিক্রি করে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান আজিজুল। সেখানে মুদি ব্যবসা করতেন তিনি। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে কেপটাউনে একদল অস্ত্রধারী তাঁর কাছে চাঁদা দাবি করে। তা দিতে রাজি না হওয়ায় আজিজুলের বুকে কয়েকটি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই আজিজুল মারা যান। গতকাল সকালে এ খবর মুঠোফোনে গ্রামের বাড়ি পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তাঁরা।
আজিজুলের স্ত্রী নয়ন মনি বলেন, ‘আমার স্বামীর লগে বুধবার রাইতেও কথা হইছে। আইজ হে নাই। লোকে কয় মইরা গেছে। এহন আমি কী করুম। আমার দুই ছেলেরে লইয়া আমি এহন কই যামু। ওগরে এহন দেখবো কেডা?’