দক্ষিণ আফ্রিকায় এক দিনের ব্যবধানে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৩৩) ও আবরার হোসেন (৫০)। বেলালের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ছনগাঁও গ্রামে। আবরারের বাড়ি নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে গত মঙ্গলবার রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে খুন হন বেলাল হোসেন। বেলালের বাবা আবুল কাশেমের অভিযোগ, দক্ষিণ আফ্রিকাপ্রবাসী নোয়াখালীর সোনাইমুড়ির এক বাসিন্দা এক বছর আগে তাঁর ছেলের কাছ থেকে ৪২ হাজার র্যান্ড ধার নেন। কিছুদিন আগে পাওনা টাকা চাইলে ওই ব্যক্তি টালবাহানা শুরু করেন এবং তাঁর ছেলেকে হত্যার হুমকি দেন। তাঁর ছেলে গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে তাঁকে বিষয়টি জানিয়েছেন। রাতেই ওই ব্যক্তি দোকানের সামনে এসে গুলি করে তাঁর ছেলেকে হত্যা করেন।
আবুল কাশেম বলেন, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যানবেলাল। এরপর সে আর দেশে আসেনি। এ বছর বাড়িতে এসে বিয়ে করার কথা ছিল তার। ছয় বোন ও দুই ভাইয়ের মধ্যে বেলাল সবার বড় ছিল।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, সোনাইমুড়ির যে ব্যক্তির বিরুদ্ধে বেলালকে হত্যার অভিযোগ উঠেছে, তিনি সোনাইমুড়ী থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এদিকে গত সোমবার দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি শহরে খুন হন নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার বাসিন্দা আবরার হোসেন ওরফে পাপ্পু (৫০)।
আবরারের মামাতো ভাই দেলোয়ার হোসেন বলেন, গত ২৫ বছর ধরে লুসিকিসিকি শহরে বসবাস ও ব্যবসা করে আসছিলেন আবরার। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফিলিং স্টেশনে কাজ করছিলেন তিনি। এ সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আবরার মারা যান।