দক্ষিণ বিশিলের ব্যবসায়ী হত্যার সূত্র পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বিশিলের ব্যবসায়ী রফিকুল ইসলাম হত্যা মামলায় গতকাল বুধবার পর্যন্ত কোনো সূত্র মেলেনি। পুলিশ বলছে, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক ও পারিবারিক দ্বন্দ্বকে প্রাধান্য দিয়ে তারা তদন্ত এগিয়ে নিচ্ছে।
গত মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের পাইকপাড়া থেকে হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে জোনায়েদের (৪২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে দারুস সালাম থানার পুলিশ। এ বিষয়ে মঙ্গলবারই রফিকুলের ভাই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেছেন।
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তে নিহতের বুকে এক রাউন্ড গুলির চিহ্ন পাওয়া গেছে। যেখানে লাশ পাওয়া গেছে তার আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানতে চাইলে ফারুকুল ইসলাম বলেন, চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড হয়নি বলেই তাঁরা মনে করছেন। সাম্প্রতিক সময়ে রফিকুলের কাছে কেউ চাঁদা চেয়েছেন বলে জানা যায়নি। কয়েক দিন আগে তাঁর বাবা মারা গেছেন। সম্পত্তি নিয়ে পরিবারে কিছু বিতর্ক রয়েছে। এ ছাড়া ব্যবসায়িক দ্বন্দ্বগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
নিহত রফিকুল ইসলাম দক্ষিণ বিশিল এলাকায় শাহজালাল আবাসিক হোটেলের মালিক। মিরপুরের টোলারবাগে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। চলতি মাসেই তাঁর কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল।