দক্ষিণ সুনামগঞ্জ ও সরাইলে সংঘর্ষে নিহত ১, আহত ৫০
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে আরজু মিয়া (৬৫) নামের একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত রোববার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বসিয়াখাউরি গ্রামের মসজিদে আসা-যাওয়ার রাস্তা নিয়ে আরজু মিয়া ও মোশাহিদ খানের পরিবারের মধ্যে বিরোধ ছিল। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওই রাস্তায় আরজু মিয়ার লোকজন সাঁকো নির্মাণ করতে গেলে মোশাহিদ খানের লোকজন বাধা দেয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরজু মিয়া গুরুতর আহত হন। তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাতপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তার এবং মসজিদের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। এর জের ধরেই সোমবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও একাধিক গ্রামবাসী জানান, কয়েক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রসুলপুর গ্রামের ফিরোজ মিয়ার সঙ্গে একই গ্রামের লতিফ মিয়ার বিরোধ চলে আসছে। গত শনিবার সন্ধ্যায় লতিফ মিয়ার পক্ষের আরিফ উল্লাহ ও রফিক উল্লাহকে প্রতিপক্ষের লোকজন মারধর করে আহত করে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন রোববার সন্ধ্যার পর বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। পরে পুলিশ ব্যাপক লাঠিপেটা ও ১১টি গুলি ফাঁকা ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ১১ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।