দক্ষিণ সুরমায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক বখাটে যুবক এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় এ ঘটনা ঘটে। জনতা ওই বখাটেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ওই বখাটে যুবকের নাম লিটন মিয়া (২৫)। তাঁর বাড়ি সিলেট নগরের চারাদিঘিরপাড় এলাকায়।
কলেজ সূত্র জানায়, গতকাল দুপুরে এইচএসসি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। তিনি চন্ডিপুল এলাকায় এলে লিটন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে লিটন ছুরি দিয়ে তাঁর হাতে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে লিটনকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তাঁরা তাঁকে গণপিটুনি দিয়ে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করেন। ওই ছাত্রীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, ছাত্রীকে প্রেম নিবেদন করে সাড়া না পাওয়ায় ক্ষোভে লিটন এই ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় লিটনকে আসামি করে মামলা করা হবে।