দক্ষিণখানে গৃহবধূকে হত্যার অভিযোগ
দক্ষিণখানের চেয়ারম্যানপাড়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও ননদের বিরুদ্ধে। গত শনিবার রাত ১১টার দিকে শোয়ার ঘর থেকে নার্গিস আক্তার (২৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার পর থেকে নিহত নার্গিসের স্বামী হাবিবুর রহমান ও ননদ রিপা আক্তার গা ঢাকা দিয়ে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দক্ষিণ খান থানায় হত্যা মামলা করেছেন নিহত নার্গিসের পরিবার।
নার্গিসের ভাই মো. সাকের বলেন, তিন বছর আগে রংমিস্ত্রী হাবিবুরের সঙ্গে নার্গিসের বিয়ে হয়। দক্ষিণখানের বাসায় হাবিবুরের বোন রিপাও থাকতেন। দুই ভাইবোন মিলে প্রায়ই তাঁরা নার্গিসকে মারধর করতেন। মাঝেমধ্যে বাসা থেকে বের করে দিতেন। তিনি বলেন, ‘ওরাই নার্গিসরে মাইরা ফেলছে’। গতকাল রোববার নার্গিসের লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, লাশের পেট ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার বিকেল থেকে রাতের
মধ্যে যেকোনো সময় নার্গিসকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছেন হাবিবুর ও রিপা। এ ঘটনায় নার্গিসের ভাই সাকের বাদী হয়ে হাবিবুর ও রিপার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তাঁদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
দক্ষিণখান থানার পুলিশ জানায়, হাবিবুরের বাড়ি বরিশালে। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। দক্ষিণখানের চেয়ারম্যানপাড়ার যে বাড়িতে তাঁরা থাকেন, তার অন্য ভাড়াটিয়ারা শনিবার সকাল থেকে ওই বাসায় কোনো লোকজন দেখতে না পেয়ে পরে উঁকিঝুঁকি মেরে
ঘরের মধ্যে নার্গিসের লাশ দেখতে পান। এরপর তাঁরাই থানায় খবর দেন।