দক্ষিণখানে চলছে অবৈধ অটোরিকশা

বিমানবন্দর রেলস্টেশনের পাশ থেকে দক্ষিণখান সড়কে কোনো বাধা ছাড়াই ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলাচল করছে। দক্ষিণখান ইউনিয়ন পরিষদ থেকে এসব অটোরিকশার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালিক সমিতির লোকজন। সরকার ব্যাটারিচালিত অটোরিকশা আমদানি নিষিদ্ধ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও এসব অটোরিকশার অনুমোদন দেয় না।
গতকাল হজক্যাম্প ফটকের সামনে প্রায় ২৫টি ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তা দখল করে দাঁড়িয়ে ছিল। এতে ওই সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। কয়েকজন অটোরিকশাচালক জানান, তাঁরা ‘হজক্যাম্প টু হালান ইজিবাইক মালিক ও ড্রাইভার সমিতি’র সদস্য। এ কারণে রাস্তায় অটোরিকশা রাখলেও পুলিশ বাধা দেয় না।
নতুন অটোরিকশা ওই রাস্তায় নামানোর বিষয়ে জানতে চাইলে সমিতির কর্মচারী আব্বাস উদ্দীন বলেন, অটোরিকশা নামাতে কোনো সমস্যা হবে না। শুরুতে পাঁচ হাজার আর প্রতি মাসে দুই হাজার টাকা সমিতির তহবিলে জমা দিতে হবে। অন্য সব সমস্যা সমিতি দেখবে।
সমিতির সভাপতি শাহ্ মো. মহিউদ্দিন প্রতিবেদককে বলেন, ‘আমরা অবৈধ কোনো কাজ করছি না। গাড়ির কাগজ ইউনিয়ন পরিষদ থেকে করানো হয়েছে। তবে কিছু গাড়ির কাগজ বাদ আছে। সমিতির আওতায় ৯৬টি অটোরিকশার মধ্যে সমিতিতে ৬০টি অটোরিকশার টাকা ওঠে। বাকিগুলো স্থানীয় প্রভাবশালী নেতাদের। তাই তাঁদের কাছ থেকে টাকা নেওয়া সম্ভবে হয় না। তিনি নিজেও নয়টি অটোরিকশার মালিক। সভাপতির বাসায় গিয়ে দেখা গেছে, বিদ্যুতের বাণিজ্যিক মিটার ব্যবহার করে প্রায় ১২টি অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে। কথাবার্তার একপর্যায়ে সমিতির কাগজপত্র হিসেবে তিনি ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স (লাইসেন্স নম্বর-১০৫৪, অনুমোদন তারিখ ১ সেপ্টেম্বর, ২০১২) দেখান এবং ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া তার নয়টি অটোরিকশার অনুমোদনপত্র দেখান।
এ প্রসঙ্গে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল প্রথম আলোকে বলেন, ‘অতীতে যে ব্যাটারিচালিত অটোরিকশা ও সমিতির অনুমোদন দেওয়া হয়েছে, আমরা সেগুলো বাতিল করার চেষ্টা করছি। প্রশাসনের সঙ্গে কথা বলে সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা অপসারণ করা হবে।’
এ প্রসঙ্গে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান, ব্যাপারটিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং অনতিবিলম্বে এগুলো বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।