দক্ষিণখানে প্যাকেজিং কারখানার কর্মী খুন
রাজধানীর আশিয়ান সিটি এলাকা থেকে ফাতেমা আক্তার (৩০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি ঝালকাঠি সদরে। দক্ষিণখান এলাকার বর্ণমালা স্কুলের পাশে ৩৫ নম্বর বাড়িতে থাকতেন তিনি।
দক্ষিণখান থানার উপপরিদর্শক এসআই মো. রায়হান প্রথম আলোকে বলেন, সকাল আটটায় আশিয়ান সিটির পশ্চিম পাশে রাস্তার পাশ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশ পচে গিয়েছিল। ছোট বোন রোকসানা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
রায়হান বলেন, ফাতেমার মাথায় কোনো চুল ছিল না। গলায় ওড়না পেঁচানো ছিল। পরিবার জানিয়েছে, তিনি একটি প্যাকেজিং কোম্পানিতে চাকরি করতেন।
বস্তাবন্দী লাশ: উত্তরা থেকে বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বেলা একটার দিকে উত্তরা (পূর্ব) থানাধীন ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে কামাল পাগলার বস্তি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পচা গন্ধ পেয়ে মনোয়ারা নামে এক নারী বস্তির একটি ঘরের পেছনে কুয়ার ভেতরে প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।