পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের ১৫ নৌপথে (রুট) বেসরকারি লঞ্চগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নৌযানের সংকট না থাকলেও সরকারের নির্ধারিত ভাড়ার অজুহাত দেখিয়ে এবারের ঈদেও যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছেন লঞ্চমালিকেরা।
যাত্রীদের অভিযোগ, ঈদে যাত্রী বেড়ে যাওয়ার সুযোগে এরই মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে চলাচলকারী লঞ্চগুলো ন্যূনতম ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে দক্ষিণাঞ্চলের ঘরমুখোলাখো যাত্রীকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। একইভাবে কর্মস্থলে ফেরার সময়ও বাড়তি ভাড়া গুনতে হবে তাদের।
লঞ্চমালিকদের সূত্র জানায়, ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের ১৫টি নৌপথে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। এসব পথ হলো ঢাকা-চাঁদপুর, ঢাকা-বরিশাল, ঢাকা-ভোলা, ঢাকা-বরগুনা, ঢাকা-ইচলি, ঢাকা-মাদারীপুর, ঢাকা-কালাইয়া, ঢাকা-বোরহানউদ্দিন, ঢাকা-পটুয়াখালী, ঢাকা-আমতলী, ঢাকা-হুলারহাট, ঢাকা-লালমোহন, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-টরকী এবং ঢাকা-লেতরা বাজার।
ঢাকা-বরিশাল নৌযান পথ কমিটির সদস্যসচিব মো. সিদ্দিকুর রহমান পাটওয়ারী বলেন, সম্প্রতি সভা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত ভাড়া নেওয়াসহ নানা সিদ্ধান্ত হয়েছে। ঈদের সময় কেন ভাড়া বাড়ানো হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা বিআইডব্লিউটিএর নির্ধারিত ভাড়াই নিচ্ছেন। সারা বছর সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাত্রী পরিবহন করা হয়। ঈদের সময় একটু বেশি ভাড়া নেওয়া হয়, তবে তা সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নয়।
বরিশাল নৌবন্দরে গতকাল শুক্রবার খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে এই পথে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হওয়ার পর ডেকের ভাড়া ১০০-১৫০ টাকার স্থলে ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া সিঙ্গেল কেবিন ৯০০ টাকার (এসি-নন এসি) স্থলে ঈদ উপলক্ষে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। ডাবল কেবিন ১ হাজার ৬০০ টাকার স্থলে ২ হাজার ২০০ টাকা (এসি-নন এসি)। এ ছাড়া ভিআইপি সিঙ্গেল কেবিন চার হাজার টাকার স্থলে পাঁচ হাজার টাকা এবং ভিআইপি ডাবল কেবিন পাঁচ হাজার টাকার স্থলে ছয় হাজার টাকা করে নেওয়া হচ্ছে।
ঢাকা-বরগুনা ও ঢাকা-আমতলীগামী লঞ্চগুলোতেও একইভাবে ডেকের ভাড়া ১৫০ টাকার স্থলে ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে। আর কেবিনের ভাড়া ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
ঢাকা-বরিশাল, ঢাকা-আমতলী ও ঢাকা-পটুয়াখালী পথে চলাচলকারী সুন্দরবন নেভিগেশনের পরিচালক সাইদুর রহমান দাবি করেন, বিআইডব্লিউটিএর নির্ধারিত ভাড়াই তাঁরা নিচ্ছেন। সারা বছর সরকারের নির্ধারিত ভাড়ার কমে তাঁরা যাত্রীসেবা দিয়ে থাকেন। ঈদের সময় বাড়তি ব্যয় মেটাতে গিয়ে সরকার-নির্ধারিত ভাড়া নেন। তিনি বলেন, ‘দিনে দুইবার আসা-যাওয়া করতে (ডাবল ট্রিপ) হচ্ছে এখন। এ জন্য ফেরার পথে যাত্রীশূন্য হয়ে ফিরতে হয়। এ কারণে সেই সময়ের তেলখরচ আমাদের শুধু শুধুই বহন করতে হয়।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল নৌবন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, লঞ্চমালিকেরা ঈদ উপলক্ষে বেশি ভাড়া নিচ্ছেন, এমন অভিযোগ সত্য নয়।