দখল করতে গাজীপুরে সরকারি পুকুর ভরাট
গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় একটি সরকারি পুকুর ভরাট করা হয়েছে। একজন সাবেক জনপ্রতিনিধির নেতৃত্বে পুকুরটি ভরাটের মাধ্যমে দখল করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সম্পত্তি শাখা থেকে ইসলামপুর বাজারের পাশের একটি সরকারি পুকুর মাছ চাষের জন্য চার বছরের (১৪২১-১৪২৪ বঙ্গাব্দ পর্যন্ত) ইজারা নেন মো. নূরুজ্জামান। এরপর পুকুরে পোনা ছেড়ে মাছের চাষ শুরু করেন তিনি। চুক্তি অনুযায়ী, চলতি বছরের অগ্রহায়ণ মাস পর্যন্ত ইজারার মেয়াদ আছে। তবে গত ফেব্রুয়ারি মাসে বাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মকবুল হোসেন ওরফে মুকুলের নেতৃত্বে পুকুরের দক্ষিণ অংশে ভরাট শুরু হয়। ইতিমধ্যে পুকুরের ১৫-২০ শতাংশ ভরাট করে শালগাছের গুঁড়ি পুঁতে দখলে নেওয়া হয়েছে। ভরাটের কারণে লাখ টাকার মাছ মাটির নিচে চাপা পড়ে। এর আগে ওই মাছ ধরতে গেলে নূরুজ্জামানকে বাধা দেন মকবুল হোসেন। তাঁকে নানা ভয়ভীতিও দেখানো হয়। এরপর স্থানীয় ভূমি কার্যালয় ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দেন নূরুজ্জামান। এ ঘটনায় বাসন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আরিফুর রহমান একটি প্রতিবেদন তৈরি করেন। তবে পুকুর ভরাট আর থামেনি।
স্থানীয় বাসিন্দা মো. আজাদ হোসেন বলেন, মকবুল হোসেন মোটা অঙ্কের টাকা খেয়ে স্থানীয় একটি পোশাক কারখানার রাস্তা নির্মাণের জন্য খাসপুকুর ভরাট করেছেন।
নূরুজ্জামান বলেন, ‘পুকুরটি যথাযথ নিয়মে ইজারা নিয়ে ১ লাখ টাকার পোনা ছেড়েছি। পোনাগুলো বড় হয়ে বিক্রির উপযোগীও হয়। সেই মুহূর্তে মকবুল হোসেন প্রভাব খাঁটিয়ে মাছসহ পুকুর ভরাট করেন।’
পুকুর ভরাটের কথা স্বীকার করে সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একটি কারখানার জন্য রাস্তাটি করা হচ্ছে। এতে এলাকার মানুষেরও উপকার হবে।
স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, বাসন ইউপির সদস্য থাকাকালে মকবুল হোসেন পুকুরের দক্ষিণ পাড়ে ইট বিছিয়ে সরু রাস্তা নির্মাণ করেন। বর্তমানে পুকুরের ভেতরের বেশ কিছু জমি ভরাট করেছেন তিনি। এ বিষয়ে ইজারা গ্রহণকারী সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দিয়েছেন।
বাসন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পুকুর ভরাট জলাশয় নীতিমালার পরিপন্থী। ভরাটের তথ্য দিয়ে গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রাসেদুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।