দখল করা ঘরে এবার যুবলীগ কার্যালয়ের সাইনবোর্ড

সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর বাজারে দখল করা ঘরটিতে এবার ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের নেতারা গত বৃহস্পতিবার সেখানে বাঁশের খুঁটি পুঁতে তাতে টিনের সাইনবোর্ড টাঙিয়ে দেন।
ধুলিহর বাজারে ২৮ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থের খাসজমিতে ১৯৭২ সাল থেকে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন সন্তোষ কুমার দাশ (৭০)। সন্তোষ বলেন, তিনি ভূমিহীন। ওই জমি ব্রহ্মরাজ বাজার এলাকার আবদুস সেলিমের কাছে প্রথমে ভাড়া ও পরে দখল বিক্রি করে দেন। তবে গত ২৯ জানুয়ারি রাতে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন তাঁর ঘর দখলে নিয়ে সেখানে কাপড়ের ব্যানার টানিয়ে দেয়, যাতে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন কার্যালয়’। এ নিয়ে ৩১ জানুয়ারি প্রথম আলোয় ‘বৃদ্ধের ঘর দখল করে যুবলীগের কার্যালয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলীর নেতৃত্বে সেখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ ছাড়া সেখানে টেবিল-চেয়ারও নেওয়া হয়েছে।
এ ব্যাপারে আরশাদ আলী বলেন, আগে কাপড়ের ব্যানারের সাইনবোর্ড ছিল। সেখানে বাঁশের খুঁটিতে টিনের ওপর লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে। বিষয়টি নিষ্পত্তি হলে তাঁরা এগুলো নামিয়ে নেবেন।
ধুলিহর বাজার বণিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘শুনেছি, জেলা পরিষদের নির্দেশনা উপেক্ষা করে সেখানে নতুন সাইনবোর্ড টাঙানো হয়েছে। দুই পক্ষকে নিয়ে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বৈঠক করার কথা ছিল। কিন্তু সেই বৈঠক হয়নি।’
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি ওই এলাকায় ছিলেন। নতুন করে কেউ অভিযোগ করেনি। তারপরও তিনি বিষয়টি দেখবেন।