দখল করা জমিতে বসানো ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা শহরের প্রাণকেন্দ্রে দখল করা সরকারি সম্পত্তিতে স্থাপন করা ব্যবসাপ্রতিষ্ঠান গতকাল সিলগালা করছে প্রশাসন l প্রথম আলো
ভোলা শহরের প্রাণকেন্দ্রে দখল করা সরকারি সম্পত্তিতে স্থাপন করা ব্যবসাপ্রতিষ্ঠান গতকাল সিলগালা করছে প্রশাসন l প্রথম আলো

অবশেষে ভোলা শহরের প্রাণকেন্দ্রের কয়েক লাখ টাকা মূল্যের দখল করা সরকারি ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তিতে বসানো ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন। গতকাল রোববার বেলা একটার দিকে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন পুলিশ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানটি সিলগালা করেন।
স্থায়ীভাবে দখল করে বইয়ের দোকান বসিয়েছিলেন মো. কামাল উদ্দিন নামের এক ব্যবসায়ী। সিলগালার সময় তিনি পলাতক ছিলেন। এর আগে প্রথম আলোকে তিনি বলেছিলেন, তিনি সরকারের প্রতিপক্ষ মো. গিয়াস উদ্দিনের কাছ থেকে জমি ও ঘরভাড়া নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী, মামলার নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলা পৌরসভার চরজংলা মৌজার বাংলাস্কুল মোড়ে প্রায় ২৪ শতক জমির মালিক ছিলেন চুনীলাল সেন। তাঁর পরিবার ১৯৬৫ সালে ভারতে চলে যায়। এরপর বন্দোবস্ত সূত্রে ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন স্থানীয় ব্যবসায়ী নাছির আহমেদ। আদালত ১৯৮২ সালের মার্চ মাসে জমিটি অর্পিত ও অনাবাসী সম্পত্তি বলে রায় দেন। বর্তমানে দুই শতক ছাড়া বাকি জমি দুটি পক্ষের ১৩ জন ব্যবসায়ীর দখলে রয়েছে। এক পক্ষের দাবি, তারা জমিটি নিলামে কিনেছে। অন্য পক্ষ ১৯৮২ সালে আদালতের রায়ের পর জমিটি সরকারের কাছ থেকে বার্ষিক ইজারা নেয়। বর্তমানে সরকার ও নিলামে খরিদকারীদের মধ্যে পুরো জমিটি নিয়ে মামলা চলছে।
আরও জানা যায়, ওই দুই শতক জমিতে তিনটি দোকান ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সরকার তাদের উচ্ছেদ করে দোকানগুলো সিলগালা করে দেয়। পরে দোকানগুলো ভেঙেচুরে ডাস্টবিনে পরিণত হয়। সেখানে ২০১৬ সালে একটি ফলের ও দুটি চায়ের অস্থায়ী দোকান বসে। দোকান তিনটির একটি চায়ের দোকান সরিয়ে গিয়াস উদ্দিন ও মো. কামাল উদ্দিন গত ২৭ জানুয়ারি লোহা দিয়ে স্থায়ী দোকান নির্মাণ শুরু করেন। দখল করা জমির পরিমাণ দশমিক ৬৬ শতাংশ। দখলের খবর পেয়ে ভোলা সদর উপজেলা ভূমি অফিস ও ভোলা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলে। অসম্পূর্ণ দখল শেষ না হলেও মো. কামাল উদ্দিন ও তাঁর ভাইয়েরা রাতের আঁধারে এক মাস যাবৎ বাকি দখলের কাজ সম্পন্ন করেন। ৪ মার্চ মো. কামাল উদ্দিন বইয়ের দোকানটি চালু করেন।
জানতে চাইলে দখলকারী মো. কামাল উদ্দিন বলেন, ‘আমি সরকার থেকে বন্দোবস্ত পাওয়া মো. জালাল আহমেদের ওয়ারিশ মো. গিয়াস উদ্দিনের কাছ থেকে জমিটি ভাড়া নিয়েছি। দখল করিনি।’
মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বাবা মো. জালাল আহমেদসহ কয়েকজনকে সরকার এ জমি বন্দোবস্ত দিয়েছে। আমি জালাল আহমেদের ওয়ারিশ হিসেবে জমিটি দখল করে ভাড়া দিয়েছি। বিক্রি করিনি।’
সরকারের কাছ থেকে ইজারা নেওয়া পক্ষের জাফর আহমেদ, জাহাঙ্গীর আলমসহ ছয়-সাতজন বলেন, প্রতিপক্ষ কয়েকটি ভুয়া কাগজ দিয়ে সরকারকে বিবাদী করে মামলা করেছে। তাঁরা বছরের পর বছর ধরে সরকারের পক্ষে জমিটি উদ্ধারের জন্য প্রতিপক্ষের করা মামলার সঙ্গে আইনি লড়াই করছেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ওই জমির দখলকারীদের উচ্ছেদ করে সরকার সিলগালা করে রাখে। সে জমি আবারও বেদখল হলেও সরকারের কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। উল্টো ভূমি অফিসের কিছু লোকজন প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে সরকারের জমি বেহাত করেছে। তাঁরা আরও বলেন, সরকার তাঁদের ১৯৮২ সালে জমিটি ইজারা দিয়েছে, তাঁদের ইজারা নবায়নও করছে না।
ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন বলেন, ‘জমিটি সরকারের ‘ক’ তালিকাভুক্ত। কাগজপত্র সরকারের পক্ষে রয়েছে। সরকার একবার ইজারা দিয়েছে। আবার নাকি বন্দোবস্ত দিয়েছে। সে বন্দোবস্ত বাতিল করে আবার ইজারা দিয়েছে। এখন জমিটি নিয়ে কয়েক পক্ষের মামলা চলছে। যাঁদের বন্দোবস্ত বাতিল করেছে, তাঁরা সরকারকে বিবাদী করে মামলা চালাচ্ছেন। ওই জমিতে নতুন কোনো নির্মাণের আইন নেই। তাই সরকারি সম্পত্তি রক্ষা করতে দখল করা ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।’