দখল পাকাপোক্ত করতে নানা নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক স্থাপনা ও বসতবাড়ির পাশাপাশি ছিন্নমূল সমিতি, বাস্তুহারা সমিতিসহ বিভিন্ন নামে কর্ণফুলী নদীর তীর দখল করা হয়েছে। দখল পাকাপোক্ত করতে ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থানের সাইনবোর্ড ঝোলানো হয়েছে। কালুরঘাট সেতু থেকে নদীর মোহনা পর্যন্ত দুই তীরের প্রায় ২৪ কিলোমিটার এলাকায় কম-বেশি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। সেখানে অন্তত পাঁচটি বড় বস্তিতে রয়েছে চার হাজারের বেশি ঘর ও দোকান। এসব বস্তি নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দিয়ে টাকা তোলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তাঁদের মধ্যে রাজনৈতিক নেতাও রয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, দখলদারদের মধ্যে চট্টগ্রাম নগরের বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন ওরফে শান্তি, কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বকশিরহাট ওয়ার্ড যুবলীগের নেতা মো. আকতার হোসেন, গত সিটি করপোরেশন নির্বাচনে বকশিরহাট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জসিম উদ্দিন অন্যতম। তাঁরা বস্তি ও দোকান তুলে ভাড়া দিয়েছেন।
গত মঙ্গলবার হাইকোর্ট কর্ণফুলী নদীতীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেন। এসব স্থাপনা সরাতে ৯০ দিন সময় দিয়েছেন হাইকোর্ট। কর্ণফুলী নদী রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১০ সালে হাইকোর্টে একটি রিট করে মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
গত বছরের ৯ জুন চট্টগ্রামের জেলা প্রশাসক কর্ণফুলী নদীর তীরের অবৈধ দখল-সংক্রান্ত একটি জরিপ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেন। ওই প্রতিবেদনে ২ হাজার ২৮১টি অবৈধ স্থাপনার কথা উল্লেখ রয়েছে।
জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘তালিকায় সরকারি-বেসরকারি স্থাপনা আছে। দখলদারদের মধ্যে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রয়েছে। তাদের কেউ কেউ হয়তো রাজনৈতিক শেল্টার (আশ্রয়) নিয়েছে। যত ক্ষমতাশালীই হোক, হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছেদের ব্যবস্থা করব।’
দখলদারদের মধ্যে বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীনের নিয়ন্ত্রণে বস্তির প্রায় এক হাজার ঘর রয়েছে। কর্ণফুলী তৃতীয় সেতু-সংলগ্ন শহীদ এন এম জে কলেজের পেছনে শান্তি কলোনি নামে তাঁর একটি বস্তি রয়েছে। হোসেন নামের বস্তির এক বাসিন্দা বলেন, ‘এগুলোর মালিক শান্তি সওদাগর (নুরুল আমীন)। আমরা কেউ এক হাজার, কেউ দেড় হাজার টাকায় ভাড়া থাকি।’
জেলা প্রশাসন সূত্র জানায়, বাকলিয়া খেতচর এলাকায়ও কর্ণফুলীর তীর দখল করে নুরুল আমীন অবৈধ স্থাপনা তৈরি করেছেন। তাঁর জামাতা কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম এসব দেখাশোনা করেন। কর্ণফুলীর অবৈধ দখলদারদের মধ্যে জাহাঙ্গীর আলমও রয়েছেন। তিনি বকশিরহাট ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হকের ছেলে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নুরুল আমীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তবে তাঁর জামাতা জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খেতচর ও বাকলিয়ায় নদীর কাছে আমার এবং আমার শ্বশুরের (নুরুল আমীন) নামে কিছু জায়গা রয়েছে। আমাদের কিছু জায়গা নিয়ে মামলাও চলছে। আমরা মনে করি, আমাদের জায়গাগুলো বৈধ। এখন সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটা কার্যকর করুক। আমাদের কোনো আপত্তি নেই।’
এ বিষয়ে জানতে চাইলে বকশিরহাট ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হক বলেন, সরকারি খাসজমিতে মন্দির, মসজিদ ও বস্তি করা হয়েছে। এগুলো উদ্ধার করা দরকার। তাঁর পরিবারের সদস্যরাও দখলের সঙ্গে জড়িত, এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যে-ই হবে হোক, আমার বাপ হলেও এদের ওখান থেকে উচ্ছেদ করা উচিত। আমি দখলে নেই।’
পূর্ব বাকলিয়া শহীদ এন এম জে কলেজের সঙ্গে লাগোয়া বাস্তুহারা সমবায় সমিতি বস্তি। এই বস্তির সভাপতি মো. জসিম উদ্দিন। গত সিটি করপোরেশন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করেন। এই কলোনিতে হাজার খানেক এক কক্ষবিশিষ্ট ঘর রয়েছে। জসিম উদ্দিনের সঙ্গে নুরুল আমীনের জমিসংক্রান্ত মামলাও রয়েছে। জসিম উদ্দিনকে অনেক দিন ধরে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানান স্থানীয় লোকজন। গতকাল মুঠোফোনেও তাঁকে পাওয়া যায়নি।
বকশিরহাট ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. আকতার হোসেনসহ কয়েকজন ব্যক্তি নতুন চাক্তাই এলাকায় কর্ণফুলীর জেগে ওঠা চরে গড়ে তুলেছেন অবৈধ বস্তি। ভেড়া মার্কেট শ্রমজীবী কল্যাণ সমবায় সমিতি নামের ওই বস্তির সভাপতি তিনি। এখানে দেড় হাজারের বেশি ঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে।
জানতে চাইলে আকতার হোসেন বলেন, ‘আমরা চার একর জমির ওপর এই বস্তি গড়েছি। এখানে বর্তমানে আমাদের সমিতিভুক্ত রয়েছে ৮০০ ব্যক্তি। এর বাইরে আরও অনেক ঘর রয়েছে। এখানে জমিদার রয়েছেন বেশ কয়েকজন।’ তিনি বলেন, ‘হাইকোর্টের রায়টি শুনেছি। এখন আমাদের জমি নিয়ে অনেক মামলা-মোকদ্দমা রয়েছে। গরিব মানুষ এখানে বাস করে। আপনারা বেশি কিছু লিখলে তাদের পেটে লাথি পড়বে। ১৫ বছরের বেশি সময় ধরে আমরা এখানে আছি।’
সরেজমিনে দেখা গেছে, এই বস্তির মাঝখান দিয়ে চলে গেছে মেরিনার্স ড্রাইভ সড়ক। সড়কটি কর্ণফুলী তৃতীয় সেতুর সঙ্গে সংযুক্ত হবে। এখন নির্মাণকাজ চলছে। নির্মীয়মাণ সড়কটির কারণে এই বস্তির জায়গার মূল্য বেড়ে গেছে বলে বাসিন্দারা জানান।
দখল সুসংহত করতে সেখানে সমিতির নামে একটি কবরস্থানের সাইনবোর্ড তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে কারও কবর নেই। এমনিতে কবরের জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে।
নদীর তীরে গড়ে ওঠা এসব বস্তিতে রাতে মদ ও জুয়ার আসর বসে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর আলম প্রথম আলোকে বলেন, সরকারি খাসজমি দখল করে বস্তি গড়ে তুলেছে কিছু ব্যক্তি। তবে এখনো সেভাবে কোনো অভিযোগ আসেনি।
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্ণফুলী নদী দখলের সঙ্গে জড়িত। তাঁদের উচ্ছেদ করা যাবে কি না এই প্রশ্নে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘যত ক্ষমতাশালীই হোক, আমি তাদের উচ্ছেদ করে খাসজমি উদ্ধার করব।’