পাহাড়ের ঢাল, চূড়া ও পাদদেশ—সবখানেই মানুষের বসতি। পাহাড় কেটে বেড়া ও টিনের ঘর থেকে শুরু করে পাঁচতলা ভবন পর্যন্ত তৈরি করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০০ বাড়ি ও দোকান রয়েছে কক্সবাজারের ‘লারপাড়া’ পাহাড়ে। এসব অবকাঠামোকে জায়গা করে দিতে পাহাড়ের অর্ধেকের বেশি অংশ কাটা পড়েছে। কক্সবাজার শহরের পাশে ৫০ একর এলাকাজুড়ে পাহাড়টির অবস্থান।
প্রায় ১৫০ ফুট উঁচু লারপাড়া পাহাড়ের তিন দিকেই (পশ্চিম, দক্ষিণ ও পূর্ব) মানুষের বসবাস। এর মধ্যে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত ভবন রয়েছে অন্তত ৩৫টি। পাহাড়টি কক্সবাজার শহরের বাস টার্মিনালের পাশে হলেও এটি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের অন্তর্ভুক্ত।
কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া বলেন, সরকারি মালিকানাধীন এই পাহাড়টি দখল করে ভূমিদস্যুরা বিভিন্ন সময়ে অবকাঠামো নির্মাণ করেছে। পাহাড়ের জমি বেচাকেনা চলছে এমন খবরও শোনা যাচ্ছে। তিনি বলেন, লারপাড়া পাহাড়ের অবৈধ স্থাপনা তিন থেকে চার শ হতে পারে। শিগগির পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
শহরের বাস টার্মিনাল থেকে প্রায় সাত শ গজ দূরে সরু কাঁচা রাস্তা দিয়ে এই পাহাড়ে যাওয়া যায়। পাহাড়ে থাকা লোকজনই যাতায়াতের জন্য এই রাস্তা করেছে। রাস্তার শেষ প্রান্তে পাহাড়টি। এর পাদদেশে রয়েছে পাঁচটি দোকান। পাহাড় কেটেই এসব দোকান বানানো হয়েছে।
কয়েক বছর আগেও লারপাড়া পাহাড়ে বসতি খুব বেশি ছিল না বলে জানান কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত। তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে লারপাড়া পাহাড়ে গিয়ে কথা হয় কয়েকজন দোকানকর্মীর সঙ্গে। তাঁরা বলেন, দোকান তৈরির সময় বনকর্মীরা কয়েকবার বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করেই নির্মাণকাজ শেষ করা হয়। দোকানগুলোর মালিক আবুল কালামের দাবি, পাহাড়ের মধ্যে পড়লেও নিজের জমিতেই দোকান তুলেছেন তিনি।
দোকানের কাছাকাছি পাহাড়ের ঢালুতে তৈরি হচ্ছে একতলার পৃথক চারটি ভবন। নির্মাণাধীন ভবনগুলোর ২০ গজ সামনে পাহাড় কেটে তৈরি করা হয়েছে পাঁচতলার আরেকটি ভবন। এই ভবনের নিচেও তিনটি দোকান রয়েছে। একটি দোকানের মালিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, প্রায় নয় মাস আগে পাহাড় কেটে পাঁচতলা ভবনটি নির্মাণ করেন কক্সবাজার শহরের বাংলাবাজার এলাকার বাসিন্দা মোহসেনা আক্তার। বৃহস্পতিবার দুপুরে তাঁকে ভবনের দোকানে পাওয়া যায়। পাহাড় কেটে ভবন নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন।
পাঁচতলা এই ভবনের পাশে পাহাড় কেটে তৈরি হচ্ছে আরেকটি ভবন। ইতিমধ্যে একতলার ছাদ ঢালাই হয়ে গেছে। শ্রমিকেরা বলেন, ভবনের মালিক নুরুল মোস্তফা। তিনি পাহাড় কেটে বিশাল অংশ সমতল করে ৩০ শতক জমি বিক্রি করে দিয়েছেন। এসব জমিতে অনেকে ঘরবাড়ি তৈরি করছেন।
জানতে চাইলে মোস্তফা বলেন, পাহাড় হলেও এটি তাঁর ব্যক্তিগত জমি। সেই জমি তিনি বিক্রি করেছেন।
ঝিলংজা এলাকার ব্যবসায়ী কবির আহমদ বলেন, ভুয়া কাগজ তৈরি করে সরকারি পাহাড়কে ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে কিছু লোক লারপাড়া পাহাড়ে জমি বিক্রি করছেন। প্রতি গন্ডা (দুই শতক) জমি চার থেকে আট লাখ টাকা দরে বিক্রি হচ্ছে। আর যাঁরা জমি কিনছেন, তাঁরা মিয়ানমারের রোহিঙ্গাদের দিয়ে পাহাড় কেটে সমতল করছেন। তারপর তৈরি করছেন ঘরবাড়ি।
পাহাড়ের পূর্ব ও দক্ষিণ পাশে তৈরি হয়েছে অসংখ্য দোকানপাট এবং ঘরবাড়ি। সেসব ঘরবাড়িতে বসত করছে ভাসমান লোকজন। এর মধ্যে কিছু রোহিঙ্গা পরিবারও রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পাহাড় কেটে ঘরবাড়ি তৈরির অধিকার কারও নেই। লারপাড়ার পাহাড় কেটে যেসব অবকাঠামো তৈরি হয়েছে, তা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।