দখলদারের তালিকায় আছেন আ.লীগ-বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রায় ১৪ একর জমি দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এর বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। দখলদারদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজনই বেশি।

বিজেএমসি কর্তৃপক্ষ বলছে, দুই দশক ধরে প্রভাবশালী ব্যক্তিরা স্থাপনা তৈরি করে এসব জমি দখল করেছেন। স্থানীয় প্রশাসন সহযোগিতা না করায় তাঁদের উচ্ছেদ করা যাচ্ছে না। দখলদারদের উচ্ছেদে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সব সম্পত্তিই বেহাত হয়ে যাবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত বলেন, ‘সরকারি সম্পত্তি দখলকারী যে দলেরই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। দখলদারদের উচ্ছেদে প্রশাসনকে কে কোন দলের নেতা-কর্মী, সেদিকে না তাকিয়ে নির্ভয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী অন্যায় কর্মের সঙ্গে জড়িত থাকলে আমরা তাঁদের প্রশ্রয় দেব না।’

১৯১৭ সালে ব্রিটিশ র‍্যালি ব্রাদার্স কোম্পানি লিমিটেড আত্রাই সদরের বিহারীপুর এলাকায় ১৬ একর ৬২ শতকজায়গায় র‍্যালি ব্রাদার্স জুট মিল স্থাপন করে। পরে সেটি রাষ্ট্রায়ত্ত করা হয়। মিলটি লাভজনক না হওয়ায় ১৯৯৩ সালে বন্ধ ঘোষণা করা হয়। দুটি টিনের ছাউনির বিশাল আকৃতির পরিত্যক্ত গুদাম ও সেই সময় অফিস হিসেবে ব্যবহৃত একটি ভবন ছাড়া মিলের আর কোনো চিহ্ন নেই।

বিজেএমসি সূত্রে জানা যায়, আত্রাই-নাটোর সড়কের পশ্চিম পাশে এবং আত্রাই-বান্দাইখাড়া সড়কের দক্ষিণ পাশে অবস্থিত জুট করপোরেশনের ১৬ একর ৬২ শতক জমির মধ্যে প্রায় ১৪ একর জমি দখল হয়ে গেছে। দখলদারেরা বেশির ভাগ ক্ষেত্রেই অন্যের কাছে এসব স্থাপনা ভাড়া দিয়েছেন। নতুন করে জুট মিলের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করায় ১৪ মে বিজেএমসি রংপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক রেজাউল ইসলাম নওগাঁর জেলা প্রশাসক, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, আত্রাইয়ের বিহারীপুর মৌজায় অবস্থিত বিজেএমসির তত্ত্বাবধানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্পত্তিতে আত্রাই-বান্দাইখাড়া সড়কের পাশে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। গত এপ্রিলের প্রথম সপ্তাহে করপোরেশনের সম্পত্তির মালিকানার সাইনবোর্ড উপড়ে ফেলে আবু হেনা, মোহাম্মদ শরীফ ও শিহাব নামের তিনজন একটি একতলা ভবন নির্মাণ শুরু করেন।করপোরেশনের প্রহরী শহিদুল ইসলাম বাধা দিলেও তাঁরা কাজ অব্যাহত রাখেন। এ বিষয়ে ৮ এপ্রিল শহিদুল আত্রাই থানায় অভিযোগ দায়েরকরেন। এরপরও দখলদার ব্যক্তিরা সেখানে স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।

রেজাউল ইসলাম বলেন, ২০০১ সালের পর থেকে ইজারা না নিয়ে সরকারি ওই জায়গা দখল করে ব্যবসা করে আসছেন দখলদারেরা। সরকারি ওই জায়গা উদ্ধারে বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়ার পরও কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায় দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না। শিগগিরই কোনো পদক্ষেপ নেওয়া না হলে পুরো সম্পত্তি বেহাত হয়ে যাবে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এসব জমি দখলকারীদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জ্বল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবু হেনা, উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মির্জা শরীফুজ্জামান ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও বিশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুলসহ একটি প্রভাবশালী চক্র রয়েছে। সবচেয়ে বেশি জায়গা দখলে রেখেছেন আবু হেনা।

আবু হেনাবলেন, জায়গাটি ইজারা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এখানে অনেক ব্যবসায়ী রয়েছেন, যাঁরা সরকারকে রাজস্ব না দিয়ে বছরের পর বছর ধরে ব্যবসা করে আসছেন। উপজেলা সদর বাজারে প্রায় সব ব্যবসায়ী রেলওয়ের জমি কিংবা জুট করপোরেশনের জমিতে স্থাপনা করে ব্যবসা করছেন। অভিযোগ উঠলে সবার বিরুদ্ধেই ওঠা উচিত।

মোশাররফ হোসেন বলেন, ওই জায়গায় তাঁর কনফেকশনারি দোকান রয়েছে। এক ব্যক্তি ওই জায়গা ইজারা নিয়েছিলেন। পরে তাঁর কাছ থেকে তিনি কিনেছেন। এখন সরকার যদি সবাইকে উঠিয়ে দেয়, তাহলে তিনিও উঠে যাবেন। আগে ছাত্রদল করতেন, এখন আওয়ামী লীগ করেন বলে দাবি করেন তিনি।

আবদুস সোবহান নামের এক ইঞ্জিনয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী বলেন, এই জায়গা ১৯৯৬ সালে পাঁচ বছরের জন্য তিনি ইজারা নিয়েছিলেন। মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে ইজারা ছাড়াই করপোরেশনের জায়গায় ৬০-৭০টি দোকানঘর রয়েছে। সবাই যেভাবে আছে, তিনিও সেভাবেই আছেন।

এ বিষয়ে আত্রাই থানার ওসি মো. বদরুদ্দোজা বলেন, অভিযোগটি এখনো নথিবদ্ধ করা হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসন তদন্ত করছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মোখলেছুর রহমান বলেন, বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) জয়া মারিয়া পেরেরা প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটির সত্যতা পাওয়া গেছে। দখলদারদের সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এর মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’