দখলে অবরুদ্ধ মুক্তেশ্বরী নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের পুলেরহাট এলাকার মুক্তেশ্বরী নদী দখল করে বানানো হচ্ছে ২২ ফুট চওড়া কংক্রিটের রাস্তা। রাস্তাটি তৈরি করছেন যশোর-১ আসনের সরকারদলীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের বড় ভাই শেখ মহিউদ্দীন। তাঁর পরিচালনাধীন ওয়েল ফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠানে যাতায়াতের জন্যই এ রাস্তা l ছবি: প্রথম আলো
যশোর শহরের পুলেরহাট এলাকার মুক্তেশ্বরী নদী দখল করে বানানো হচ্ছে ২২ ফুট চওড়া কংক্রিটের রাস্তা। রাস্তাটি তৈরি করছেন যশোর-১ আসনের সরকারদলীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের বড় ভাই শেখ মহিউদ্দীন। তাঁর পরিচালনাধীন ওয়েল ফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠানে যাতায়াতের জন্যই এ রাস্তা l ছবি: প্রথম আলো

যশোর শহরের পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদীর অংশ দখল করে ২২ ফুট চওড়া কংক্রিটের রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ‘জরুরি উচ্ছেদ নোটিশ’ দেওয়া হলেও রাস্তা নির্মাণ বন্ধ হয়নি।
নির্মাণাধীন রাস্তাটি করা হচ্ছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন পরিচালিত সখিনা মেডিকেল কলেজ ভবনে যাতায়াতের জন্য। ট্রাস্টের পরিচালক ড. মো. মহিউদ্দীনকে ইতিমধ্যে নির্মাণাধীন অবকাঠোমো অপসারণের জন্য তিন দফা নোটিশ দিয়েছে ভূমি অফিস। মহিউদ্দীন যশোর-১ (শার্শা) আসনের সরকারদলীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের বড় ভাই।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের পদস্থ একজন সরকারি কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, সাংসদ আফিল উদ্দীনের প্রভাবে মহিউদ্দীন ওই অবৈধ স্থাপনা নির্মাণের সাহস দেখাচ্ছেন, যে কারণে নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি বিষয়টি আমলে নিচ্ছেন না।
ভৈরব নদের শাখা নদী মুক্তেশ্বরী যশোরের চৌগাছা দিয়ে মূল শহরে প্রবেশ করেছে। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের পুলেরহাট এলাকার সেতুর দক্ষিণ-পূর্ব কোনা ঘেঁষে নদীর অংশে রড, বালু ও সিমেন্টের দেয়াল তোলা হয়েছে। ওই দেয়াল দৈর্ঘ্যে অন্তত ৩০০ মিটার। রাস্তাটির প্রস্থ নদীর ভেতর ও পাড় মিলিয়ে প্রায় ২২ ফুট।
যশোর-বেনাপোল সড়ক থেকে ওই প্রতিষ্ঠান পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য অন্তত আধা কিলোমিটার। ৫০ জনের মতো শ্রমিক মাটি ফেলে দেয়ালের দক্ষিণ পাশ ভরাটের কাজ করছেন। রড বাঁধাইয়ের কাজ করছেন সাত নির্মাণশ্রমিক।
এ সময় সড়ক নির্মাণকাজের ঠিকাদার আবদুল আজিজ বলেন, বছর খানেক আগে এই সড়কের নির্মাণকাজ শুরু হয়। শুরুতে অন্য একজন ঠিকাদার কাজ করছিলেন। নদীর জায়গা নিয়ে সরকারের সঙ্গে ঝামেলা হলে মাঝখানে অনেক দিন কাজ বন্ধ ছিল। তখন থেকে ওই ঠিকাদার আর কাজ করেননি। ঈদের পর তাঁকে নির্মাণকাজের দায়িত্ব দেওয়া হয়।
সাত দিনের মধ্যে অবকাঠামো সরিয়ে নেওয়ার জন্য গত ২ এপ্রিল ভূমি অফিস থেকে মহিউদ্দীনকে একটি জরুরি উচ্ছেদ নোটিশ পাঠানো হয়। যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মোহম্মদ ফারুক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মুক্তেশ্বরী নদীর পুলেরহাট সেতুর দক্ষিণ-পূর্ব পাশের সরকারি জমির ওপর সম্পূর্ণ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে; যা ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০-এর পরিপন্থী। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে নির্মাণাধীন অবকাঠোমো অপসারণ করার জন্য বলা হলো। অন্যথায় অধ্যাদেশ মোতাবেক অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, নোটিশ দেওয়ার পর দখলদার দিনে কাজ বন্ধ রেখে রাতে কাজ করতে শুরু করেন। এরপর এক রাতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহম্মদ ফারুক ও জরিপ কর্মকর্তা (সার্ভেয়ার) সাজ্জাত হুসাইন পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু কয়েক দিন পর আবার কাজ শুরু হয়।
এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনিরা পারভিন বলেন, জরুরি নোটিশ দেওয়ার পরও দখলদার স্থাপনা অপসারণ করেননি। এ কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ১৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি চিঠি পাঠানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ইউএনও ৩০ জুন জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, মুক্তেশ্বরী নদীর জায়গা দখলমুক্ত করার জন্য উচ্ছেদের প্রক্রিয়া চলছে। অচিরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।
এ ব্যাপারে জানার জন্য আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. মহিউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে ট্রাস্টের সহসভাপতি রাশেদ আলী চাকলাদারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
রাশেদ আলী চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে মূল সড়কে (যশোর-বেনাপোল) ওঠার জন্য কিছুটা নদীর জায়গা চলে এসেছে।’ বড় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সবার সহযোগিতা থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।