দখলে-দূষণে বিপর্যস্ত ভৈরব নদ

যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ ভৈরবের প্রাণ ওষ্ঠাগত। বিভিন্ন কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্যের কারণে বদলে গেছে নদের আসল রূপ। ক্রমাগত দখল হচ্ছে নদের দুই পাড়ও।
গত বৃহস্পতিবার জাতীয় নদী সংরক্ষণ কমিশনের (এনআরসিসি) চেয়ারম্যান মো. আতহারুল ইসলাম অভয়নগরে আসেন। নদের দখল-দূষণ নিয়ে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান, ভৈরব নদ-সংলগ্ন চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নওয়াপাড়া নদীবন্দর ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি ভৈরব নদের দূষণকারী প্রতিষ্ঠান এবং অবৈধ স্থাপনাসমূহ সরেজমিনে ঘুরে দেখেন। তিনি প্রথম আলোকে বলেন, নদের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে তাদের উচ্ছেদ এবং দূষণের উৎসমুখ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর খুলনা সূত্র জানায়, ভৈরবের দুই তীর দখল করে গড়ে তোলা হয়েছে ছোট-বড় শতাধিক কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এসব কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি পড়ছে নদে। এ ছাড়া নদে চলাচলকারী নৌযানের পোড়া তেল, মানুষের পয়োবর্জ্য ও গৃহস্থালির বর্জ্যও পড়ছে। এতে নদের পানি দূষিত হওয়ার পাশাপাশি মাছ বিলুপ্ত হতে চলেছে। দূষণের ফলে গত ২৯ ও ৩০ মে নদের পানি বিষাক্ত হয়ে শত শত মণ চিংড়ি, চেউয়াসহ নানা প্রজাতির মাছ ও কাঁকড়া মরে গেছে। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, দূষণের কারণে গত ৩৫ বছরে নদের প্রায় ১৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র আরও জানায়, ১৯৭৯ সালে উপজেলার তালতলায় ভৈরবের তীরে এসএএফ ইন্ডাস্ট্রিজ নামে একটি ট্যানারি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ট্যানারিটি প্রতিদিন ৬০০ লিটার ক্ষতিকর ধাতু ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম-মিশ্রিত বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলছে। এ ছাড়া খুলনার ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রামে ভৈরব নদের তীরে আরেকটি ট্যানারি নির্মাণের কাজ চলছে। এসএএফ ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বিধান কুমার হোড় বলেন, ‘দুটি ড্রেন দিয়ে আমাদের বর্জ্য ভৈরব নদে যায়। আমাদের বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ প্রক্রিয়াধীন।’
সরেজমিনে দেখা যায়, ভৈরব নদের সবচেয়ে বেশি জায়গা দখল করা হয়েছে যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত। নদের জায়গায় নির্মাণ করা হয়েছে অনেক গুদাম ও আবাসিক স্থাপনা। নদ-সংলগ্ন কারখানা ও বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের স্থাপনা সম্প্রসারণ করেছে। নদে অবস্থানরত বার্জ ও কার্গোতে পণ্য ওঠানো-নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে।
উপজেলার মশরহাটি এলাকায় পরশ অটোরাইস মিল, পরশ আটা, ময়দা, সুজি মিল এবং আক্তার অ্যাগ্রো অ্যান্ড ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নদের প্রায় মাঝামাঝি পর্যন্ত মাটি ও বালু দিয়ে ভরাট করে দখল করেছে। এ ছাড়া উত্তর ডিহি এলাকায় নির্মীয়মাণ ট্যানারি সুপারেক্স লেদার বাঁশের খুঁটি পুঁতে সেখানে বালু ফেলে নদ দখল করছে।
জানতে চাইলে ট্যানারিটির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘নওয়াপাড়া নদীবন্দরের কর্মকর্তারা নদীর জায়গা মেপে গেছেন। কাজ কিছুটা নদের মধ্যে চলে গেছে। ওই জায়গা বন্দোবস্ত নেওয়ার জন্য নদীবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’
পরশ অটোরাইস মিল ও পরশ আটা, ময়দা, সুজি মিলের মালিক আনিসুর রহমান বলেন, ‘নদী মরে বড় চর জেগেছে। ওই চর আমার দখলে নেই। তবে নদীবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জমি আমার ইজারা নেওয়া আছে।’
নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, দখলের ফলে ভৈরবের গতিপথের পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে অবৈধ দখলদারদের নদ থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ বলেন, কাল (রোববার) থেকে সিএস রেকর্ড অনুসারে ভৈরব নদের সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের চিহ্নিত করে তালিকা তৈরি করার কাজ শুরু করা হবে।
পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘তিন দিন নদের দূষণ পর্যবেক্ষণের পর চারটি সুপারিশ করে আমরা অধিদপ্তরে একটি প্রতিবেদন পাঠিয়েছি। সুপারিশগুলো বাস্তবায়িত হলে ভৈরবের দূষণ কমবে।’