দগ্ধ আরেক ছেলেও মারা গেল, নির্বাক ঝরনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুর্বৃত্তের আগুনে গত ৮ অক্টোবর দগ্ধ হয়েছিলেন মা ও দুই শিশুপুত্র তানভীর (১২) ও তানিম (৭)। ঘটনার ছয় দিনের মাথায় মারা গিয়েছিল তানিম। আর আজ রোববার সকালে তানভীরও চলে গেল।

মা ঝরনা বেগম (৩৫) পড়ে রইলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
ঝরনা বেগম এখন পর্যন্ত জানেন না তাঁর ছোট ছেলে মারা গেছে। তিনি জানেন, উন্নত চিকিৎসার জন্য ছোট ছেলেকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজও বড় ছেলের মৃত্যুর খবর ঝরনা বেগমকে জানাতে চাননি পরিবারের সদস্যরা। তবে ফোনে কথা বলার সময় শুনে ফেলেন ঝরনা বেগম। মা ও ছেলে পাশাপাশি বিছানায় ছিলেন। শরীরের পেছন দিক এবং সম্পূর্ণ মুখ ঝলসে যাওয়া ঝরনা বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেন দগ্ধ শরীর নিয়ে তাঁর ছেলেটাও অমানুষিক যন্ত্রণা ভোগ করছে। ফলে ছেলের মৃত্যুর খবর শুনে অনেকটাই মেনে নিয়েছেন ঝরনা বেগম।
বেলা তিনটার দিকে কথা হয় তামিম ও তানভীরের বাবা খলিলুর রহমানের সঙ্গে। তিনি তখন হাসপাতালে ছেলের লাশ নিয়ে ব্যস্ত। তাকে বাড়ি নিতে হবে। মাত্র সপ্তম শ্রেণিতে পড়া তানভীর ও ছোট ছেলে চোখের সামনে মারা গেছে। খলিলুর রহমানের কথা বলার পরিস্থিতি নেই। তিনি শুধু জানালেন, আসামিরা পেট্রলবোমা মেরে তাঁদের মেরে ফেলতে চেয়েছিল।
খলিলুর রহমান কলোরোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক। এই কলেজের প্রিন্সিপাল মো. আবুল খায়ের প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৮ অক্টোবর সাতক্ষীরার কলোরোয়ায় নিজ বাড়িতে দগ্ধ হন ঝরনা বেগম ও তাঁর দুই ছেলে। ঝরনা বেগম দুই ছেলেকে নিয়ে বিছানায় এবং খলিলুর রহমান মেঝেতে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। প্রথমে মা ও দুই ছেলেকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এক দিন পর থেকেই এই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটান খলিলুর রহমানে ভাই তবিবুর রহমান, তাঁর ছেলে ও অন্যরা। ঘটনার পর খলিলুর রহমান কলারোয়া থানায় মামলা করেন। মামলার আসামি তবিবুর রহমান বর্তমানে জেলে। তবে মামলার অন্যান্য আসামি এখনো পলাতক।

ঝরনা বেগমের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় কিছুটা ভালো বলে জানালেন খলিলুর রহমান।

আরও জানতে পড়ুন: