দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও লাগাতার অবরোধে নাশকতায় প্রাণ হারালেন আরও একজন। চাঁপাইনবাবগঞ্জে পেট্রলবোমা হামলায় দগ্ধ হওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেলে মারা গেছেন ট্রাকচালকের সহকারী সেলিম।
গতকাল মানিকগঞ্জেও চলন্ত ট্রাকে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এতে চালক, সহকারীসহ অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন। রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণে আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট রেলস্টেশন ও কুমিল্লা জেলা প্রেসক্লাবের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আর নোয়াখালীতে জোটের মিছিলে ক্ষমতাসীন দলের হামলা ও সংঘর্ষ এবং শেরপুরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৩০ জন।
টানা অবরোধের ৫৯তম দিন ছিল গতকাল। এদিন সাতটি জেলার অন্তত নয়টি স্থানে গাড়িতে হামলা, সংঘর্ষ, ককটেলের বিস্ফোরণ ঘটানোর মতো সহিংসতা-নাশকতার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় দুটি গাড়িতে। ভাঙচুর করা হয় একটি। রাত সাড়ে নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয়েছে ৭৫ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ কর্মসূচি। তবে এর দুই দিন আগেই শুরু সহিংসতার। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৫ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে মোট ৬৯৮টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬২০টি।
মারা গেলেন আরেক ব্যক্তি: চাঁপাইনবাবগঞ্জে আলুবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ চালকের সহকারী সেলিম (৩৫) গতকাল বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের নিমতলাকাঁঠাল এলাকায় ওই হামলার শিকার হয়েছিলেন তিনি। ট্রাকটি নওগাঁ থেকে আলু নিয়ে আসছিল।
হামলায় সেলিম ছাড়াও ট্রাকচালক ফিরোজ ও ব্যবসায়ী সাহেব আলী দগ্ধ হন। এ দুজনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও হাসপাতাল সূত্র সেলিমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
দগ্ধ আরও তিনজন: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ভোরে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে চালক ও সহকারীসহ তিনজন দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হামলার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ময়মনসিংহের ভালুকা থেকে কাঠের গুঁড়ি নিয়ে ট্রাকটি মানিকগঞ্জের ঘিওরে যাচ্ছিল।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার উথরা গ্রামের ট্রাকচালক ইকবাল হোসেন (৩৪), কইয়াদি গ্রামের ট্রাকচালকের সহকারী সুমন মিয়া (১৬) ও দলিকুড়ি গ্রামের ট্রাকযাত্রী আবুল কালাম (৪৫)।
রাজধানীতে ককটেলে আহত ৯: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে গতকাল রাত পৌনে ১টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বত্তরা। এতে এক ডিম বিক্রেতার দুই হাত ও শরীর পুড়ে যায়।
পৃথক ককটেল বিস্ফোরণে আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত পৌনে আটটার দিকে নীলক্ষেত মোড়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রলয় ঘোষ (২৪), সিরাজুল ইসলাম (৩০), হযরত আলী (৩০), আবদুল জলিল (২৭) ও মাহমুদুল ইসলাম (১৫)।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নীলক্ষেতের বলাকা সিনেমা হলসংলগ্ন রাস্তায় দুটি ককটেলের বিস্ফোরণে পোশাকশ্রমিত দুই বোন হাসি বেগম (৩৫) ও রিয়া মনি (২২) আহত হন। কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তাঁরা।
রাত পৌনে আটটার দিকে নগরের ফকিরাপুল মোড়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে রিকশাচালক আবদুর রশীদ (৩০) আহত হন। সন্ধ্যায় ধানমন্ডি ৭ নম্বর সড়কের পাশে অবস্থিত ‘সানিডেল’ স্কুলের সামনের ফটকে ককটেল বিস্ফোরণ হয়।
দুই জেলায় সংঘর্ষে আহত ৩০: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ২০-দলীয় জোটের মিছিলে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বলেছে, সংঘর্ষ নিয়ন্ত্রণে শটগান থেকে ২০টি গুলি ছোড়া হয়।
গতকাল বেলা ১১টার দিকে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল আজিম গুলিবিদ্ধসহ ২০-দলীয় জোটের অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পৌর বিএনপির সভাপতি জাহেদুল হকও রয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঢাকার বাইরের আরও চিত্র: নোয়াখালী শহরের রৌশনবাণী সিনেমা হলের সামনে দুপুরে যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। বোমায় জানালার কাচ ভাঙলেও তা ছিটকে বাইরে পড়ে যায়। এতে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়। এ সময় জনতা মোটরসাইকেল আরোহী তিনজনকে ধাওয়া করে সাজ্জাদ হোসেন ওরফে শাওন (২০) ও হাসান ইমাম (২২) নামের দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শহরের নওয়াববাড়ী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ফটকে আগুন ধরিয়ে দেয়। এর আগের রাতে শহরের ঝাউতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদিনের ব্যক্তিগত কার্যালয়ে পেট্রলবোমা হামলা চালানো হয়।
পাবনার ঈশ্বরদীতে গতকাল রাতে ঈশ্বরদী এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলা সদরের ইব্রাহিম ফিলিং স্টেশনে বুধবার রাতে ককটেল হামলা ও যন্ত্রপাতি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর সড়কের পাটগ্রামের জুম্মারপাড় নামক স্থানে বুধবার রাতে একটি ট্রাকে ভাঙচুর শেষে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালক মমিনুর রহমানকে (৪২) পিটিয়ে আহত করে তারা। পেটানো হয় ট্রাকের আরোহী আরও পাঁচজনকে।
সিলেট রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ও কাছেই বাবনা মোড়ে বুধবার রাতে ককটেল হামলা চালানো হয়েছে। মোটরসাইকেলে চড়ে দুই দুর্বৃত্ত এ হামলা করে পালিয়ে যায়। এতে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুমিল্লা প্রেসক্লাবের সামনেও বুধবার রাতে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন সাংবাদিকসহ অন্যরা।
নওগাঁর বাইপাস সড়কের বরুনকান্দি এলাকায় বুধবার রাতে ধানবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
{প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন}