দগ্ধ জেসমিন হাসপাতালে কাতরাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া গৃহবধূ জেসমিন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম মোড়লকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, তাঁর মুখের নিচে ঠোসা পড়েছে। বুকে দগদগে ঘা। জেসমিন (২০) বলেন, প্রচণ্ড যন্ত্রণায় গত রাতে ঘুমাতে পারেননি। তিনি বাঁচবেন কি না, তা-ই জানতে চাইছিলেন আশপাশের মানুষের কাছে।
জেসমিনের মা আকিজান বিবি বলেন, ‘তাঁরা খুব গরিব। টাকা জোগাড় করতে পারেননি বলে মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পারেননি।’ টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। তিনি মেয়ের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জেসমিন বাদী হয়ে গত শুক্রবার রবিউলসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। রবিউল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলার কুশলদিয়া গ্রামের জেসমিন বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে রাজি না হওয়ায় স্বামী রবিউল গত শুক্রবার জেসমিনের বুকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।