দগ্ধ তিনজনের অবস্থা শঙ্কাজনক, ২০ জন চিকিৎসাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমায় দগ্ধ ছেলে নিরঞ্জন সিংহকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ছেলের বিছানায় মাথা রেখে কাঁদছেন বাবা বাবু সিংহ। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা ছবি l সাবিনা ইয়াসমিন
পেট্রলবোমায় দগ্ধ ছেলে নিরঞ্জন সিংহকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ছেলের বিছানায় মাথা রেখে কাঁদছেন বাবা বাবু সিংহ। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা ছবি l সাবিনা ইয়াসমিন

অবরোধ-হরতালে পেট্রলবোমায় দগ্ধ ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী মো. খোকনকে (২২) দুই হাতের সব আঙুল হারাতে হয়েছে। নষ্ট হয়ে গেছে একটি চোখও। পুড়ে গেছে তাঁর শরীরের বিভিন্ন স্থান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
খোকনের মতো নাশকতার শিকার ট্রাক মিস্ত্রি নিরঞ্জন সিংহ (১৯) ও ট্রাকচালকের সহকারী রুবেল হোসেনের (২০) অবস্থাও আশঙ্কাজনক। এ তিনজনসহ পেট্রলবোমায় দগ্ধ নারী-শিশুসহ ২০ জন এই বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এঁদের প্রায় সবাই খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা। আর পাশে থাকা তাঁদের স্বজনদের দিন কাটছে উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তায়।
গত ৬ জানুয়ারি শুরু হওয়া বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও পরে হরতালে সহিংসতার শিকার হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ১৮১ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হন। এঁদের মধ্যে ২২ জন মারা যান। চিকিৎসা শেষে ১৪১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজন পুনরায় ভর্তি হন। এই হিসাব বার্ন ইউনিটের।
বার্ন ইউনিটের সূত্র জানায়, আশঙ্কাজনক তিনজনের মধ্যে খোকনের শরীরের ২০ শতাংশ, নিরঞ্জনের ৪২ ও রুবেলের ২৫ শতাংশ পুড়ে গেছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান আবুল কালাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আশঙ্কাগ্রস্ত হলেও ওই তিনজনের অবস্থার উন্নতি হচ্ছে। অন্য ১৭ জন আশঙ্কামুক্ত। তবে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে কিছুদিন সময় লাগবে।
দুপুরে বার্ন ইউনিটের পাঁচতলায় একটি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বিছানায় শোয়া দগ্ধ খোকন কাতরাচ্ছেন। তাঁর শরীরে স্যালাইন চলছে। চিকিৎসকেরা বলেন, চিকিৎসার স্বার্থে তাঁর দুই হাতের আঙুলগুলো কেটে বাদ দেওয়া হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে খোকন বলেন, গুলিস্তানে ফুটপাতে তিনি জুতা বিক্রি করেন। গত ২৩ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের ভুলতার বাসায় ফেরার জন্য গুলিস্তান থেকে গ্লোরি পরিবহনের মিনিবাসে উঠেছিলেন। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় পেট্রলবোমা হামলায় মিনিবাসটিতে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁর শরীরে আগুন ধরে। তিনি জানালা দিয়ে লাফিয়ে পাশের পুকুরে পড়েন। পরে ঢাকা মেডিকেল ভর্তি হন। তিনি বিলাপ করে বলেন, তিনি মা-বাবার একমাত্র সন্তান। মা-বাবাকে আগেই হারিয়েছেন তিনি। দগ্ধ হওয়ার পর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন।
খোকনের বিছানার পাশে থাকা তাঁর খালাতো বোন তাহদিকা সালমা আলী বলেন, খোকনকে দেখার মতো পরিবারে কেউ নেই। তিন দফায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, খোকনের শরীরে আরেক দফা অস্ত্রোপচার করা হবে।
ওই মিনিবাসে পেট্রলবোমা হামলায় ২৮ জন দগ্ধ হন। তাঁদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একই ওয়ার্ডে চিকিৎসাধীন নিরঞ্জন দগ্ধ হন ২২ জানুয়ারি রাতে সিলেট শহরে। মেরামত করা ট্রাক নিয়ে বের হলে পেট্রলবোমা হামলায় ট্রাকে আগুন ধরে তাঁর সারা শরীর পুড়ে যায়। তাঁর বিছানার পাশে বসা বাবা বাবু সিংহ ছেলের জন্য কাঁদছিলেন। তিনি বলেন, নিরঞ্জনকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। নিরঞ্জন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তিনি চিন্তিত। ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন।
ট্রাকচালকের সহকারী রুবেলও চিকিৎসাধীন একই ওয়ার্ডে। ১৯ মার্চ ট্রাকে পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার পথে চাঁদপুরের চন্দায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন তিনি। ছোট ভাইয়ের এ অবস্থা দেখে উদ্বিগ্ন ফারুক পারভেজ। তিনি বলেন, ওই ঘটনায় দগ্ধ ট্রাকের চালক ও দুজন হেলপার ইতিমধ্যে মারা গেছেন। তাঁদের মৃত্যুর খবর রুবেলকে জানানো হয়নি।
বার্ন ইউনিটে ইউরোপীয় চিকিৎসক দল: ইউরোপের তিন দেশ জার্মানি, নেদারল্যান্ডস ও হাঙ্গেরির নয় সদস্যের একটি চিকিৎসক দল রাজনৈতিক সহিংসতায় দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধদের অস্ত্রোপচার করছে। তারা শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণও দিচ্ছে। ৪ এপ্রিল ঢাকায় আসা এই চিকিৎসক দলটি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বার্ন ইউনিটে অবস্থান করছে।
সরকারি ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন গতকাল প্রথম আলোকে বলেন, রাজনৈতিক সহিংসতায় দগ্ধ ব্যক্তিদের অস্ত্রোপচার করতে ইউরোপীয় এ চিকিৎসক দলটি ঢাকায় এসেছে। তারা ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে অস্ত্রোপচারের পাশাপাশি ক্লাসও নিচ্ছেন। তিনি বলেন, দগ্ধ হওয়া অনেকেরই ঘাড় ও হাত বাঁকা হয়ে যাওয়াসহ ক্যানসারের উপসর্গ দেখা দিয়েছে। ইউরোপীয় চিকিৎসক দল এ-সংক্রান্ত বড় অস্ত্রোপচার করছে। বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাদের সহযোগিতা করছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তারা ১৬ জনের শরীরে বিনা মূল্যে বড় ধরনের অস্ত্রোপচার করেছে। তারা মোট ১২০ জনের অস্ত্রোপচার করবে। ১২ এপ্রিল অস্ত্রোপচার শেষ করে তারা ঢাকা ছাড়বে।
সামন্ত লাল সেন বলেন, ইউরোপের ওই সব দেশের সঙ্গে বাংলাদেশের চিকিৎসক দলের আসা-যাওয়া অব্যাহত থাকবে। এতে করে ইউরোপীয় দেশের সঙ্গে বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে প্রযুক্তি বিনিময়ও হবে।