দণ্ডিত হয়েও বেতন পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে ১০ বছরের দণ্ড পাওয়া এক স্কুলশিক্ষক প্রায় চার মাস ধরে কারাগারে আছেন। দণ্ড পাওয়ার আগেও তিনি এক বছরেরও বেশি সময় ছিলেন জেলে। অথচ তাঁকে নিয়মিত সরকারি বেতন-ভাতা দেওয়া হচ্ছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বেলায় এ ঘটনা ঘটেছে। শিক্ষকের নাম মো. নুরুজ্জামান মহিবুল্লাহ। তিনি ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ১২ মে স্ত্রী হত্যার দায়ে শিক্ষক মহিবুল্লাহকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী, কোনো শিক্ষক কিংবা কর্মচারী কোনো মামলায় কারাভোগ করলে সাময়িক বরখাস্ত, আর দণ্ডপ্রাপ্ত হলে তাঁকে বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। পরে বরখাস্তের আবেদন পাঠায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সালিস বিভাগে। সালিস বিভাগ সিদ্ধান্ত নিয়ে তা স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। ওই শিক্ষককে বরখাস্তের জন্য কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সালিস বিভাগে এখন পর্যন্ত কোনো আবেদনই পাঠায়নি।

এই সুযোগে ওই শিক্ষক নিয়মিত বেতন-ভাতা তুলে নিচ্ছেন। রূপালী ব্যাংক পটুয়াখালী করপোরেট শাখা সূত্রে জানা গেছে, আগস্ট মাসেও তাঁকে বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়েছে। বিদ্যালয় সূত্রও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মামলার বাদী গোলাম মোস্তফা অভিযোগ করেছেন, মামলার রায়ের কপি প্রধান শিক্ষককে সরবরাহ করা হয়েছে। অথচ সরকারি নির্দেশ উপেক্ষা করে একজন খুনিকে নিয়মিত বেতনসহ অন্যান্য ভাতাদি দেওয়া হচ্ছে।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে আরও জানা গেছে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর রাতে মহিবুল্লাহ তাঁর স্ত্রী শারমিন আক্তার দোলাকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখেন। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে এবং মহিবুল্লাহকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করে। হত্যার ঘটনায় ২০১৪ সালের ১ জানুয়ারি দোলার বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে পটুয়াখালী আদালতে মহিবুল্লাহ ও তাঁর বাবা নূর মোহাম্মদ এবং ভগ্নিপতি আবুল বশার মুন্সিকে আসামি করে হত্যা মামলা করেন।

কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, ওই শিক্ষকের দণ্ড হওয়ার বিষয়টি তিনি জানেন না।