দনিয়ায় কুপিয়ে শিশু খুন, মা-বোনসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দনিয়ার একটি বাসায় ঢুকে গতকাল মঙ্গলবার রাতে শিশু সোহেলী আক্তারকে (১২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা সাহেদা মৃধা ওরফে ডলি (৪০), সোহেলীর বোন সাহারা আক্তার (৭) ও প্রতিবেশী প্রকৌশলী জালালউদ্দিন (৩৫)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সোহেলীর স্বজনেরা বলেছেন, হামলা চালিয়ে দুর্বৃত্তরা বাসা থেকে মালামাল নিয়ে গেছে। তবে পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি ছাড়া অন্য কারণ থাকতে পারে।
সাহেদা মৃধা তাঁর সন্তানদের নিয়ে দনিয়ার পাটেরবাগে থাকেন। তাঁর স্বামী মো. সেলিম ইতালিপ্রবাসী।
প্রত্যক্ষদর্শী ও সাহেদার স্বজনেরা বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাদের বাসায় ঢুকে পড়ে। তারা সাহেদা এবং তাঁর দুই মেয়ে সোহেলী ও সাহেরাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশী জালাল আহমেদকেও কুপিয়ে আহত করে। সোহেলী ঘটনাস্থলেই মারা যায়। প্রতিবেশীরা সাহেদা ও তাঁর দুই মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রবাসী সেলিম গত ১৯ অক্টোবর দেশে এলেও ঘটনার সময় বাসায় ছিলেন না।
চিকিৎসকেরা বলেছেন, আহত শিশু সাহারার অবস্থা সংকটজনক।
নিহত সোহেলীর চাচা আরিফ ও শহীদুল ইসলাম বলেন, ডাকাতির সময় বাধা দেওয়ায় ডাকাতেরা কুপিয়ে হতাহত করেছে।
নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলাকারীদের মধ্যে দুজন চার দিন ধরে ওই বাসায় আসা-যাওয়া করেছে। গতকাল সন্ধ্যায় তারাসহ কয়েকজন ওই বাড়িতে ঢোকার পর নিরাপত্তাকর্মী কলাপসিবল গেটে তালা দিয়ে নামাজ পড়তে যান। ফিরে এসে দেখেন, ওই দুই যুবক চাপাতি দিয়ে তালা ভেঙে বের হয়েছে। তাদের ধাওয়া খেয়ে তিনি পালিয়ে যান।
উপকমিশনার নুরুল ইসলাম বলেন, ওই দুই হামলাকারী এক বছর আগে পাশের একটি বাড়িতে ভাড়া থাকত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। হামলাকারীরা পরিবারটির পূর্বপরিচিত। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।