নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও তাঁর লোকজন সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিককে মারধর করেছেন। গতকাল শনিবার রাত আটটায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় থানা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, থানা আওয়ামী লীগের কার্যালয়ে সাংগঠনিক কিছু কাজ শেষ করে ব্যক্তিগত কাজ থাকায় সভাপতি মজিবুর রহমান চলে যান। এ সময় তিনি নেতা-কর্মীদের সঙ্গে কার্যালয়ে অবস্থান করছিলেন। তখন আকস্মিকভাবে দপ্তর সম্পাদক মুসলিম মিয়ার নেতৃত্বে আবদুল আজিজ মাদবর, সাইদুল ইসলাম, ফারুক, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, আবুল হোসেনসহ আরও কয়েকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া তাঁকে উদ্ধার করে থানা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে সভাপতির বাসভবনে নিয়ে যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে আবু বকর সিদ্দিকের সঙ্গে মুসলিম মিয়া খারাপ আচরণ করে আসছিলেন। আমি চলে আসার পর এই মারধরের ঘটনাটি ঘটেছে বলে আমার কাছে অভিযোগ করা হয়েছে। তবে মুসলিম মিয়াকে ১৩ বছর আগে দপ্তর সম্পাদক করা হয়েছিল। কিন্তু তিনি কোনো দায়িত্ব পালন করেন না। তাঁর পদে অন্য কাউকে দেওয়া হয়নি।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।