দপ্তরি নিয়োগেও চূড়ান্ত সিদ্ধান্ত সাংসদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্যও এখন সাংসদের সুপারিশ লাগবে। তিনিই ঠিক করবেন মনোনীত তিন প্রার্থীর মধ্যে কাকে নিয়োগ দেওয়া হবে। আগের নীতিমালা সংশোধন করে গত ২৬ জানুয়ারি এ রকম একটি পরিপত্র জারি করে মাঠপর্যায়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 
নতুন এই সিদ্ধান্তের ফলে এসব পদে নিয়োগে সাংসদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো বলে অভিযোগ করেছেন শিক্ষকেরা। এ কারণে দলীয়করণের পাশাপাশি আর্থিক লেনদেন বাড়বে বলেও মনে করেন তাঁরা।
সরকার ২০১২ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে দপ্তরি কাম প্রহরী নিয়োগ শুরু করে। এ জন্য একটি নীতিমালাও করা হয়। আগের নীতিমালা অনুযায়ী বাছাই ও নিয়োগ কমিটির আবেদনকারীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে শারীরিকভাবে যোগ্য তিনজনের একটি প্যানেল প্রস্তুত করার কথা ছিল। সংশোধিত পরিপত্রে এ বিষয়টি ঠিক রেখে বলা হয়েছে, তালিকাভুক্ত তিনজনই সমান যোগ্য হিসেবে গণ্য হবেন। এই তালিকা থেকে সাংসদ একজনকে নিয়োগের জন্য সুপারিশ করবেন। আর সাংসদের সুপারিশই চূড়ান্ত বলে গণ্য হবে। এই সুপারিশ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত প্রার্থীর নাম সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পত্র দিয়ে জানাবেন।
এরপর প্রধান শিক্ষক নির্ধারিত মাসিক সেবামূল্য ও চুক্তিনামার শর্ত সাপেক্ষে মনোনীত ব্যক্তিকে দপ্তরি কাম প্রহরী পদে যোগদানের অনুরোধ জানিয়ে নিয়োগপত্র জারি করবেন। প্রথমজন যোগ না দিলে সাংসদের সঙ্গে পরামর্শ করে বাকি দুজনের মধ্যে একজনকে এবং দ্বিতীয়জনও যোগ না দিলে তৃতীয়জনকে নিয়োগের ব্যবস্থা করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি-মার্চে রংপুরের বদরগঞ্জ উপজেলার ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৪টিতে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে কর্তৃপক্ষ ৩৮টি বিদ্যালয়ে নিয়োগ দিতে পারলেও ১৬টিতে পারেনি। এই ১৬টি বিদ্যালয়ের নিয়োগের বিপরীতে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। তবে ওই নিয়োগে স্থানীয় শীর্ষ দুজন জনপ্রতিনিধির যোগসাজশে ঘুষ-বাণিজ্যের অভিযোগ রয়েছে।
গত বছরের ২৩ মার্চ প্রথম আলোতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ/বদরগঞ্জে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, সংশোধিত পরিপত্র অনুযায়ী প্রার্থী নিয়োগ দেবেন সাংসদ, তাই নিয়োগের বিপরীতে কোনো ধরনের অভিযোগ উত্থাপন করা যাবে না। বদরগঞ্জ উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে নতুন পরিপত্র মোতাবেক। ইতিমধ্যে এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাংসদ অনুমতি দিলেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।