দপ্তরি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মুজিবুল হক নামের একজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৪৮টি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগের জন্য ৩১ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ৬ জুন শেষ হয়।
একাধিক চাকরিপ্রত্যাশীর অভিযোগ, এর মধ্যে ৫ জুন উপজেলার মাটিকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল। সেখানে মোট নয়জন চাকরির জন্য আবেদন করেছিলেন। কিন্তু অর্থের বিনিময়ে মুজিবুলের চাকরি হবে, এমন গুজব শুনে আটজন চাকরিপ্রত্যাশী উপস্থিত হননি। এ কারণে নিয়োগ বোর্ড পরীক্ষা স্থগিত করে। কিন্তু পরদিন তিনজন প্রার্থী মৌখিক পরীক্ষা দিতে যান। তাঁরা হলেন মুজিবুল হক ওরফে এরশাদ, আমিনুল ইসলাম ও আল আমিন। তাঁদের মধ্যে উপজেলার মাটিকোরা গ্রামের মুজিবুল হক ওরফে এরশাদকে চাকরির জন্য মনোনীত করা হয়। অভিযোগ উঠেছে, তিনি এ চাকরির জন্য কয়েক লাখ টাকা ঘুষ দিয়েছেন। কোরাম পূর্ণ করতে চাকরিপ্রার্থী আমিনুল ও আল আমিনকে সেদিন নিয়োগ বোর্ডে প্রায় জোর করে হাজির করা হয়।
জানতে চাইলে আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ বোর্ড আমার প্রবেশপত্রও দেখেনি। কিছু জিজ্ঞাসাও করেনি। শুধু স্বাক্ষর দিতে বলে। আমি স্বাক্ষর দিয়ে চলে এসেছি।’
নাম প্রকাশ না করার শর্তে মাটিকুরা গ্রামের এক ব্যক্তি বলেন, মুজিবুল এই চাকরি পাওয়ার জন্য নিয়োগ বোর্ডে স্থানীয় সাংসদের ‘মনোনীত সদস্য’ মনিরুজ্জামান ওরফের পান্নাকে কয়েক লাখ টাকা দিয়েছেন। পান্নার বাড়ি উল্লাপাড়া সদরে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, টাকাপয়সার কোনো লেনদেন হয়নি।
এ বিষয়ে জানতে মুজিবুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান আলী বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবর দেওয়ায় আমি ওই দিন উপজেলায় আসি। এসে দেখি তিনজন প্রার্থী উপস্থিত। তখন তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘নিয়োগের সমস্ত ক্ষমতা স্থানীয় সাংসদ আর নির্বাহী কর্মকর্তার বলে শুনেছি। সে কারণে তাঁদের কথা অনুযায়ী কাজ করেছি।’
নিয়োগ বোর্ডের সভাপতি ইউএনও সন্দ্বীপ কুমার সরকার বলেন, বিদ্যালয়ের সভাপতিসহ তিনজনের প্যানেল মুজিবুলকে নিয়োগের সুপারিশ করেছে। তবে অর্থ লেনদেনের প্রশ্নই ওঠে না।