দম্পতির বিষপান, স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে বাদল মিয়া ও মাহমুদা আক্তার দম্পতি বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষপানে মাহমুদা আক্তার মারা যান। আর বাদল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেন, এক বছর আগে কল্যাণদীর বাসিন্দা বাদল মিয়ার সঙ্গে পাশের বাড়ির বাসিন্দা মাহমুদা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। গতকাল রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে রাতে স্বামী–স্ত্রী দুজনই বিষপান করেন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্ত্রী মাহমুদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। ঘটনার আরও অধিকতর তদন্ত চলছে। মাহমুদার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সেখানে লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে।