দরজা খুলে নারী 'জঙ্গির' গ্রেনেড বিস্ফোরণ
রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে এক নারী। তিনি আহত অবস্থায় ভেতরে রয়েছেন। বিস্ফোরণে আহত এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির ভেতরে এখনো আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরির ছেলে রয়েছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার পরে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা এ কথা জানান। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) শফিক সামান্য আহত হয়েছেন বলেও তিনি জানান। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে বলে তিনি জানান।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ৩ ইউনিটের আট সদস্যের একটি দল বাড়িটির দিকে গেছে।
এর আগে কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নারীটি জনৈক জঙ্গি সুমনের স্ত্রী। শিশুটি জনৈক জঙ্গি ইকবালের মেয়ে। তবে এই দুই জঙ্গি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

‘নারী জঙ্গির’ অবস্থা কী জানতে চাইলে ছানোয়ার হোসেন বলেন, তিনি বাড়ির ভেতর পার্কিংয়ের জায়গায় পড়ে আছেন। দরজা খুলে ওই পর্যন্ত এসেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি। তাঁকে উদ্ধার করা বিপদজনক। কারণ ভেতরে আরও একজন ‘জঙ্গি’ রয়েছে। নারী আহত না নিহত তা বোঝা যাচ্ছে না।
বাড়ির ভেতরে নারী ও শিশু থাকায় পুরো অভিযানটি সতর্কতার সঙ্গে কৌশলে পরিচালনা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
‘সূর্যভিলা’ নামে ওই বাড়িটির উল্টোপাশের দুটি ভবনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে। হাজিক্যাম্পের কাছে ৫০ নম্বর ওই বাড়িটি ঘিরে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন, আত্মসমর্পণকারী চারজন হলেন, মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি ও সাবেক মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শীলা ও তাঁর মেয়ে এবং পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তাঁর মেয়ে। ভেতরে থাকা ‘জঙ্গিদের’ কাছে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, গোলাবারুদ, রিভলবার, আত্মঘাতী আবরণ (সুইসাইডাল ভেস্ট) রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাষ্য, তিনতলা বাড়িটির নিচতলায় ‘জঙ্গি আস্তানা’। সেখানে সাতজন ‘জঙ্গি’ আছেন বলে গতকাল শুক্রবার তাঁরা খবর পান। দিবাগত রাত দুইটা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসাটি ঘেরাও করে রাখে। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করতে বলে। এর মধ্যে দুই শিশুসহ চারজন আত্মসমর্পণ করেছেন। এ সময় ‘জঙ্গিরা’ পিস্তল ও ছয়টি গুলি জমা দিয়েছে। সবাই ‘নব্য জেমবির’ সদস্য বলে জানান তিনি।
ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।
আরও পড়ুন: