দরজা খুলে বাবা দেখলেন ছেলের রক্তাক্ত দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে গতকাল শনিবার প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাগৃতি প্রকাশনীর এই মালিক নিহত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের অন্যতম প্রকাশক।
ফয়সালের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাসেম ফজলুল হক সাংবাদিকদের বলেন, বেলা দেড়টা পর্যন্ত ফয়সাল তাঁর সঙ্গেই বাসায় ছিলেন। দুপুরের খাবার না খেয়েই শাহবাগে অফিসে যাচ্ছেন বলে বেরিয়ে যান। পরে একাধিকবার ফোন করার পরও ফয়সাল না ধরায় অধৈর্য হয়ে পড়েন। বিকেল চারটার দিকে তিনি আজিজ সুপার মার্কেটের তিনতলায় ১৩০ নম্বর রুমের সামনে যান। এটি তাঁর ছেলের কার্যালয়।
ফজলুল হক বলেন, তিনি ফয়সালের অফিসের সামনে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এ সময় কাচের দরজা দিয়ে ভেতরে আলো জ্বলতে দেখেন। ছেলে বাইরে গেছে ভেবে তিনি সেখান থেকে চলে যান। পরে ছেলের বউকে ফোন করলে জানতে পারেন, দুর্বৃত্তরা লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদসহ (টুটুল) তিনজনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনা জেনে ফয়সালকে তাঁর স্ত্রী ফোন করেছেন। কিন্তু ফয়সাল ফোন ধরছেন না। আবুল কাসেম ফজলুল হক বলেন, ছেলের বউয়ের কাছে এ কথা শুনে তিনি লোকজন নিয়ে আবার ছেলের কার্যালয়ে যান। এরপর দরজা খুলে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফয়সাল।
ফয়সালের দোকানের কর্মচারী মো. আলাউদ্দিন বলেন, বেলা একটা থেকে দেড়টার দিকে ফয়সালের সঙ্গে তাঁর সর্বশেষ দেখা হয়। এরপর শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদের ওপর হামলার খবর শুনে তিনি বিকেল পাঁচটায় জাগৃতির কার্যালয়ে যান। সেখানে গিয়ে দেখেন, দরজায় তালা ঝুলছে। তালার আরেকটি চাবি ছিল কম্পিউটার অপারেটর মহেশের কাছে। মহেশের কাজ শুরু হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে। আলাউদ্দিন মহেশকে দ্রুত চাবি নিয়ে আসতে বলেন। মহেশ আসার পর তালা খুলে ভেতরে ঢুকে ফয়সালের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। আলাউদ্দিন বলেন, ‘ঘরে ঢুইকা দেখি বসের শরীর দিয়া রক্ত পড়তাছে। আর শরীর উপুড় হইয়া রইছে।’
আলাউদ্দিন জানান, তিনি আজিজ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কয়েকজনকে ফোন দেন। একই সময় শাহবাগ থানার পুলিশকেও খবর দেওয়া হয়। সোয়া ছয়টার দিকে আলাউদ্দিনসহ কয়েকজন এবং পুলিশ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যান ফয়সালকে। ৬টা ৪০ মিনিটে জরুরি বিভাগে ঢোকানো হয় তাঁকে। আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ সাতটার দিকে ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ফয়সালকে হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশ সদস্য ও দোকানের কর্মীদের ধারণা, হাসপাতালে নেওয়ার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কোন সময় ফয়সালের ওপর হামলা হয়েছে এবং তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ এখনো নিশ্চিত নন।
ফয়সালকে শাহবাগ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় সঙ্গে ছিলেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বদরুল হাসান। তিনি বলেন, ‘ফয়সালের ঘাড়ের ওপর ধারালো কিছু দিয়ে কোপ দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাঁর। রক্তে পুরো ঘর ভেসে গেছে। আমরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’
গতকাল রাতে আজিজ সুপার মার্কেট পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান (অপরাধ ও অভিযান) প্রথম আলোকে বলেন, লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রতিষ্ঠান ও আজিজ সুপার মার্কেটের হামলার ধরন একই এবং একই চক্রের কাজ। দুটি ঘটনায়ই হামলার পর বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়।
ফয়সালের বাবা আবুল কাসেম ফজলুল হক বলেন, তাঁকে কারা মেরেছে সেটা অত্যন্ত স্পষ্ট। লালমাটিয়ায় হামলার ঘটনা যারা ঘটিয়েছে, দীপনকে সেই একই গোষ্ঠীই মেরেছে। অভিজিতের বই প্রকাশ করার কারণেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে উল্লেখ করে ফজলুল হক বলেন, ‘তার সাথে কারও কোনো বিরোধ ছিল না, শত্রুতাও ছিল না। অভিজিতের বই প্রকাশ করেছে এমন আরও তিনজনকে মেরেছে। কমন সেন্স বলে, তারাই হামলা করেছে।’
প্রসঙ্গত, ফয়সালের প্রকাশনা সংস্থা জাগৃতি থেকে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বিশ্বাসের ভাইরাস ও অবিশ্বাসের দর্শন নামে দুটি বই প্রকাশ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে একুশের বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা তাঁর স্ত্রীকেও কুপিয়ে মারাত্মক জখম করে।
ফয়সাল আরেফিন উদয়ন স্কুলে অভিজিতের সহপাঠী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে লেখাপড়া করেছেন। তাঁর স্ত্রী একজন চিকিৎসক। দুই সন্তানের মধ্যে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। আর মেয়ে পড়ে ষষ্ঠ শ্রেণিতে।
আজিজ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, ফয়সাল আরেফিন আজিজ সুপার মার্কেট ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। সদালাপী ছিলেন। তাঁর হত্যার প্রতিবাদে আজ মার্কেট বন্ধ রাখা হবে।
হত্যার প্রতিবাদে গতকাল সন্ধ্যার পর আজিজ সুপার মার্কেটের সামনের সড়কে ব্লগাররা প্রতিবাদ মিছিল করেছেন।