দরজা খুলে বাবা দেখলেন মেয়ের লাশ ঝুলছে
রাত্রিকালীন দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে দরজা খুলতেই মো. শাহীন দেখলেন ফ্যানের সঙ্গে ঝুলছে তাঁর একমাত্র মেয়ের লাশ। হতভম্ব বাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন। প্রতিবেশীরা এসে মেয়েটিকে নামিয়ে পুলিশে খবর দেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানে আনোয়ারবাগ মসজিদের পাশের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মেয়েটির নাম সানজিদা আক্তার (১২)। বাবা মো. শাহীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৈনিক মজুরিভিত্তিক কর্মী। গত শনিবার রাতে তিনি রাত্রিকালীন কাজে গিয়েছিলেন। ফিরে একমাত্র সন্তানের এ অবস্থা দেখার পর থেকে পাগলপ্রায় এ বাবা।
দক্ষিণখান থানার এসআই মো. শাহজাহান মেয়েটির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। সেখানে পাগলের মতো কাঁদছিলেন বাবা মো. শাহীন ও মেয়েটির মা শিল্পী আক্তার। স্বজনেরা জানান, দক্ষিণখান আদর্শ উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেিণতে পড়ত সানজিদা। গতকাল সকালে তার মা সানজিদাকে ঘুমন্ত অবস্থায় রেখে কাজে বেরিয়ে যান। সাধারণত সকাল ১০টার দিকে স্কুলে যায় সানজিদা। সাড়ে ১০টার দিকে তার বাবা ঘরে ঢুকে এই অবস্থায় দেখতে পান। স্বজনদের ধারণা, মেয়েটি আত্মহত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানানোর পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সানজিদার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের অনুমতি দেয় পুলিশ। সন্ধ্যার দিকে মেয়েটির লাশ মর্গ থেকে নিয়ে গ্রামের বাড়ি পাবনার উদ্দেশে রওনা দেন স্বজনেরা।