দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে দুই নারীকে গণধর্ষণ
দরজা খোলা পেয়ে রাত নয়টার দিকে ঘরে ঢোকে বখাটে যুবকেরা। দুই নারী পোশাকশ্রমিক ছাড়া ঘরে তখন আর কেউ ছিল না। এরপর মুখে কাপড় বেঁধে দুজনকে গণধর্ষণ করে বখাটেরা। ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও করে তারা। গত শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে ধর্ষণের শিকার এক পোশাকশ্রমিক জবানবন্দিতে এসব কথা বলেছেন।
গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে দুই পোশাকশ্রমিককে ধর্ষণ করে আট বখাটে। এই ঘটনায় মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণী। আসামিরা হলেন মামুন ওরফে চাপাতি মামুন, মো. রুবেল, করম আলী, মো. তারেক, মো. মেহেদী, মো. হাসান, মো. আরিফ ও মো. শহীদ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ধর্ষণের ওই ঘটনায় বৃহস্পতিবার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. মেহেদী। তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।