দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ করে চলে গেল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা। খুলনার পাইকগাছা থেকে কিছুদিন আগে ঢাকার দক্ষিণখানে আসা শ্রমিক পরিবারটি তখন ঘুমে। হঠাৎই তাদের ভাড়া বাসার দরজায় কড়াঘাত। দরজা না খোলায় ভেঙেই ঘরে ঢোকে তিনজন। জিম্মি করে ছিনিয়ে নেয় টাকা, মুঠোফোন। পরে ওই ঘরেই ১৫ বছরের কিশোরী মেয়েটিকে ধর্ষণ করে চলে যায়।
দক্ষিণখান থানার পুলিশ বলেছে, এ ঘটনায় জড়িত ছিল দুজন, তাদের শনাক্ত করা হয়েছে এবং একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাত নয়টার দিকে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সঙ্গে ছিলেন মেয়েটির মা ও মামা। ট্রলিতে শোয়া মেয়েটি কাঁদছিল আর ছটফট করছিল। ভর্তি করার পর রাতেই তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।
হাসপাতালে মেয়েটির মামা লোকলজ্জা ও সন্ত্রাসীদের ভয়ে প্রথমে কথা বলতে চাননি। পরে প্রথম আলোকে বলেন, তিনি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর বোনও সম্প্রতি ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ নিয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর মেয়েটি ও তার ছোট বোন নানির সঙ্গে ঢাকায় আসে। ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় বছর তিনেক আগে লেখাপড়া ছেড়েছিল মেয়েটি। পরিবারের ইচ্ছা ছিল, সে ঢাকায় পোশাক কারখানায় কাজ করবে।
কিশোরীর মামা বলেন, দক্ষিণখানের মধুবাগে টিনশেড একটি ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি ও তাঁর বোন। শনিবার রাত তিনটার পর কয়েকজন বাইরে থেকে তাঁর নাম ধরে ডাকে ও দরজায় কড়াঘাত করে। তিনি দরজা না খোলায় দরজা ভেঙে তিনজন ঘরে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা প্রথমে তাঁদের পাঁচজনকেই জিম্মি করে নগদ সাত হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় এদের একজন স্থানীয় আনোয়ার হোসেন তাঁর বোনের বড় মেয়েটিকে ধর্ষণে উদ্যত হয়। পরিবারের সবাই কাকুতি-মিনতি করেন মেয়েটিকে রক্ষার জন্য। মেয়েটিও আনোয়ারের পায়ে ধরে। কিন্তু সে কিছুই শোনেনি। বলতে বলতে কেঁদে ফেলেন মেয়েটির মামা।
গতকাল রাতে দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, মেয়েটির পরিবার ঢাকায় নতুন এসেছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ওরা সবাই স্থানীয়।
দক্ষিণখান থানা সূত্র বলেছে, ঘটনার সঙ্গে জড়িত দুজনকেই চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে আনোয়ার (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার ওই বাড়ির পাশের একটি বাড়ির মালিকের ছেলে।