দরজা ভেঙে যুবলীগের নেতাকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গ্রেপ্তার এড়াতে স্ত্রী-সন্তানকে জিম্মি করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন নাটোরের যুবলীগের সাবেক নেতা মাসুদ রানা। গতকাল শনিবার নির্বাহী হাকিমের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে।
সদর থানা সূত্রে জানা যায়, তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য পুলিশ গত শুক্রবার রাতে শহরের বৌবাজার এলাকায় যুবলীগ নেতা মাসুদ রানার বাড়ি ঘিরে ফেলে। এ সময় তিনি এক হাতে পিস্তল এবং অন্য হাতে রিভলবার নিয়ে স্ত্রী ও শিশুকন্যাকে জিম্মি করেন। এ অবস্থায় পুলিশ বাড়ির দিকে এগোনোর চেষ্টা করলে তিনি ছয়টি ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে শয়নকক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন।
সারা রাত বাড়িটি ঘিরে রাখার পর সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামসহ অতিরিক্ত পুলিশের কিছুসংখ্যক সদস্য বাড়ির মধ্যে ঢুকে পড়েন। এ সময় তিনি আবারও আত্মহত্যার হুমকি দেন। দেড় ঘণ্টা পর সকাল সাড়ে নয়টায় পুলিশ দরজা ভেঙে মাসুদ রানাকে গ্রেপ্তার ও তাঁর স্ত্রী-সন্তানক উদ্ধার করে।
গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শোকেসের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ৫৬টি পিস্তলের গুলি ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। পরে তাঁকে সদর থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে গতকাল দুপুরে অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারের সময় মাসুদ রানা উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের জানান, তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।