দরজায় তালা দিয়ে আ.লীগ নেতার বসতঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আওয়ামী লীগের নেতা আনিছুর রহমানের বসতঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আনিছুর রহমান আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আনিছুর রহমানের বসতঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় ঘরের ভেতরে থাকা লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে তাদের ঘর থেকে বের করে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আনিছুর রহমান বলেন, বেশ কিছু দিন ধরে পাশের চন্দ্রগঞ্জ এলাকার সন্ত্রাসী আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন তাঁকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। সোমবার রাতের ওই ঘটনা আলাউদ্দিন বাহিনীর কাজ বলে তাঁর দাবি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম জানান, গতকাল সকালে তিনি আনিছুর রহমানের বাড়ি গিয়ে ঘরের বাইরে কিছু লেপ-তোশক ও কাপড়চোপড় পোড়া দেখতে পেয়েছেন। বেগমগঞ্জ থানার ওসি মো. আইনুল হক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।