দরজির পেশা ছেড়ে ইয়াবা ব্যবসায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের নাম খলিল আহমেদ (৫০), অন্যজনের নাম মো. আবছার (৩২)। বাড়ি কক্সবাজারের টেকনাফে। দুজনেই পেশায় দরজি। রক্তের সম্পর্ক না থাকলেও এক দোকানে কাজ করার কারণে তাঁদের মধ্যে মামা-ভাগনের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে ইয়াবা ব্যবসায়ীদের খপ্পরে পড়েন তাঁরা। অবৈধ এ ব্যবসায় অনেক টাকা পাওয়া যায়—এমন লোভে পড়ে পেশা পাল্টানোর সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছেন তাঁরা।
গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের ইব্রাহীম কটন মিল এলাকা থেকে দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। খলিলের কাছে ৮০০ এবং আবছারের কাছে ১ হাজার ২০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, দরজি পেশা ছেড়ে দিয়ে লোভের কারণে তাঁরা ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন তাঁরা। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।