দরপত্র কিনতে দেয়নি আ.লীগের লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের দরপত্র কিনতে দেয়নি আওয়ামী লীগের লোকজন। নিজেদের পছন্দের লোকদের কাজ দেওয়ার উদ্দেশ্যে জেলা পরিষদে গতকাল সোমবার ও গত রোববার সাধারণ ঠিকাদারদের দরপত্র কিনতে বাধা দেওয়া হয়।

জেলা পরিষদের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, পরিষদ কিছুদিন আগে জেলার বিভিন্ন উপজেলার ৩১টি উন্নয়ন প্রকল্পের কাজের জন্য দরপত্র আহ্বান করে। ৩১টি কাজের মোট প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৭৭ লাখ টাকা। ১ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ৩১টি কাজের দরপত্র বিক্রির নির্ধারিত দিনে গত রোববার ও গতকাল সোমবার বাইরের কোনো ঠিকাদার দরপত্র কিনতে পারেননি। দুই দিন সকাল থেকেই সরকারদলীয় লোকজন জেলা পরিষদে অবস্থান নেন। তাঁরা সাধারণ ঠিকাদারদের দরপত্র কিনতে বাধা দেন ও ভয়ভীতি দেখিয়ে জেলা পরিষদ থেকে তাড়িয়ে দেন।

একাধিক ঠিকাদারের কাছে এই অভিযোগ পাওয়ার পর গতকাল দুপুরে জেলা পরিষদে গিয়ে দেখা যায়, সেখানে সরকারি দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। তাঁরা দরপত্র কিনতে আসা ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিদের ফিরিয়ে দিচ্ছেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কাউকেই কার্যালয়ে পাওয়া যায়নি। তবে এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান টেন্ডার নিয়ন্ত্রণকারী কয়েকজন নেতাকে নিয়ে নিজের কক্ষেই অবস্থান করছিলেন। তবে তাঁর কাছে ঠিকাদারেরা অভিযোগ করতে যাওয়ার চেষ্টা করলেও বাধার সম্মুখীন হন।

এর আগে গত রোববার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হোসেন মুঠোফোনে জানিয়েছিলেন, সোমবার সবাই যাতে দরপত্র ক্রয় করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। সহকারী প্রকৌশলী রেজাউল করিমও ফোন ধরেননি।

দরপত্র নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত সরকারি দলের একাধিক সমর্থক বলেন, ঈদ সামনে রেখে কর্মীদের ঈদ বোনাস দেওয়ার জন্যই দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সম্মতিতেই এই দরপত্র নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান বলেন, দরপত্র ক্রয়ে বাধা দেওয়ার ব্যাপারে তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও টহল দিয়েছেন।