কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন হাটবাজারের ইজারা দেওয়ার দরপত্র কিনতে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুই উপজেলার মোট ৬১টি হাটবাজারের ইজারামূল্য প্রায় ৪ কোটি টাকা।
তবে কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যাঁরা টেন্ডারবাজি করছেন, তাঁরা যুবলীগ করেন না। যুবলীগ কোনো টেন্ডারবাজি করে না। আমি নিজেও করি না।’ তিনি বলেন, নেতার নির্দেশ যুবলীগের কোনো নেতা টেন্ডারবাজি করতে পারবেন না। যদি কেউ করে থাকেন, অল্প কয়েক দিনের মধ্যেই তাঁদের দল থেকে বের করে দেওয়া হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে রয়েছে সদর উপজেলার ২৯টি ও মিরপুর উপজেলার ৩২টি হাটবাজার। এক বছরের (পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্র) জন্য এগুলো ইজারা দেওয়া হবে। দরপত্র কেনার শেষ সময় ছিল গতকাল বুধবার বিকেল পাঁচটা। দুটি উপজেলা কার্যালয়সহ সংশ্লিষ্ট ভূমি কার্যালয়, থানা, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাধারণ শাখা থেকে এসব দরপত্র বিক্রি করা হয়।
নিয়মানুযায়ী, যে কেউ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে দরপত্র নিতে পারবেন। কিন্তু দরপত্র কিনতে আগ্রহী ব্যক্তিদের অভিযোগ, প্রতিদিনই দরপত্র বিক্রির জন্য নির্ধারিত সব কার্যালয়ের সামনে ও আশপাশে যুবলীগের স্থানীয় প্রভাবশালী নেতা-কর্মীদের আনাগোনা ছিল। এতে করে সাধারণ লোকজন দরপত্র কিনতে সাহস পাননি। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
গত সোমবার বেলা দুইটার সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের তিনতলা ভবনের দোতলার সাধারণ শাখার কক্ষে গিয়ে দেখা যায়, যুবলীগের কয়েকজন নেতা চেয়ারে বসে ও গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। এ সময় অপরিচিত একজন এলে তাঁর আগমনের কারণ জানতে চান যুবলীগের নেতারা। দরপত্র কেনার কথা বললে তাঁরা তাঁকে নিষেধ করেন ও হুমকি-ধমকি দেন। পরে ওই ব্যক্তি আক্ষেপ করে সাংবাদিকদের বলেন, ‘এটা অন্যায়। জেলা প্রশাসনের কক্ষেই যদি এমন আচরণ করা হয়, তাহলে আমরা নিরাপদ কোথায়?’
গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ শাখার সামনে পুলিশের সাত-আটজন সদস্য ছিলেন। তবে ভবনের নিচে আড্ডা দিচ্ছিলেন যুবলীগের কয়েকজন কর্মী। ওই কক্ষের ভেতরেও কয়েকজন ছিলেন। অফিস সহকারী মামুনের টেবিলের সামনে বসে ছিলেন যুবলীগের কর্মী আবদুল হান্নান। ফলে দরপত্র কিনতে আসা অন্যরা ইতস্তত বোধ করেন। বিষয়টি একজন ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দরপত্র কিনতে বলেন।
দরপত্র শেষ, আসতেও গড়িমসি
গতকাল সকাল থেকে জেলা প্রশাসনের সাধারণ শাখায় কোনো দরপত্র পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জেলা প্রশাসনে জানানো হলে কর্মকর্তারা দুই উপজেলার ইউএনওর সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে সদর উপজেলা পরিষদের দূরত্ব মাত্র আধা কিলোমিটার। কিন্তু দুপুর পর্যন্ত দরপত্র সেখানে পৌঁছায়নি। একপর্যায়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা বিরক্ত হয়ে কুষ্টিয়া সদরের ইউএনওকে বললেন, তিনি ১৫ মিনিটের মধ্যে জেলা কার্যালয়ে দরপত্র দেখতে চান। দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী শাহিন দরপত্র নিয়ে আসেন। তিনি তখন বলেন, দরপত্র নিয়ে বের হওয়ার পর কয়েকজন যুবক পথে তাঁকে আধা ঘণ্টা আটকে রেখেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার ইউএনও ইবাদত হোসেন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বলেই ফোনের সংযোগ কেটে দেন। পরে আর ফোন ধরেননি।
একইভাবে মিরপুর উপজেলার হাটবাজারের জন্য দরপত্র কিনতেও ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ লোকজন। তাঁদের একজন আকরাম হোসেন। তিনি সকালে এসে সারা দিন বসে ছিলেন। বিকেল চারটার দিকে মিরপুর থেকে ১০টি দরপত্র প্রশাসনের সাধারণ শাখায় আসে। তার একটি তিনি কিনে নিয়ে বাড়িতে ফেরেন।
জমাদানেও সংশয়
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, গতকাল বিকেলে সময় শেষ হয়ে গেলেও তাঁরা দরপত্র কিনতে পারেননি। কারণ, ক্ষমতাসীন দলের নেতাদের পছন্দের লোক ছাড়া কাউকে দরপত্র নিতে দেননি স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা। যাঁরা কিনেছেন, তাঁরাও আজ বৃহস্পতিবারের মধ্যে সেগুলো জমা দিতে পারবেন কি না শঙ্কায় আছেন।
আজ দুপুর ১২টার মধ্যে সদরের ও বেলা একটার মধ্যে মিরপুরে হাটবাজারের জন্য কেনা দরপত্র জমা দিতে হবে।
জেলা প্রশাসক জহির রায়হান প্রথম আলোকে বলেন, কোনো অনিয়ম বা সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পেলে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।